ইরানে সংস্কারপন্থীর দাফন রূপ নিল বিক্ষোভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ভিন্নমতাবলম্বী নেতা আয়াতুল্লাহ জালালুদ্দিন তাহেরির দাফন অনুষ্ঠান সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। হাজার হাজার মানুষ গতকাল বুধবার তাহেরির দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে বিক্ষোভ করেন। কয়েক বছরের মধ্যে ইরানে এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।জ্যেষ্ঠ ভিন্নমতাবলম্বী নেতা তাহেরি ৮৭ বছর বয়সে গত রোববার ইস্পাহান নগরে মারা যান। তিনি ইরান সরকারের কট্টর প্রকাশ্য সমালোচকদের অন্যতম।গণমাধ্যমে বলা হচ্ছে, কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হলেও পুলিশ বাধা দেয়নি। পর্যবেক্ষকেরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১০ দিন আগে বড় ধরনের কোনো ঝামেলা এড়াতেই ইরান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দাফন অনুষ্ঠানে যোগ দেওয়া তাহেরির অনুসারীরা সরকারবিরোধী স্লোগান দেন। তাঁরা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘স্বৈরাচারী’ আখ্যা দেন। এ সময় বিক্ষোভকারীরা সংস্কারপন্থী দুই শীর্ষ নেতাসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তিও দাবি করেন। ওই দুই নেতা রাজধানী তেহরানে গৃহবন্দী আছেন।তাহেরি ইস্পাহানের জুমার নামাজের প্রধান ইমাম ছিলেন। সংস্কারপন্থী এ নেতার অনুসারীও অনেক। আগামী১৪ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আটজন প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পেলে আগামী ২১ জুন দ্বিতীয়দফায় ভোট নেওয়া হবে। বিবিসি।