ইরানে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে প্যানেট্টার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ইরানে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ার করে বলেছেন, এটি তেহরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করার বদলে ওই অঞ্চলে ‘মারাত্মক প্রভাব’ ফেলতে পারে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।তেহরানের পরমাণু কর্মসূচির পেছনে নিউক্লিয়ার ‘ওয়ারহেড’ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর যখন উত্তেজনা তুঙ্গে, তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করলেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ইরানে সামরিক হস্তক্ষেপের অপ্রত্যাশিত পরিণাম সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সামরিক হস্তক্ষেপ তেহরানকে সত্যিকারে তার কর্মসূচি থেকে ফিরে আসতে নিরুৎসাহিত করতে পারবে না। বরং এতে এই অঞ্চলে এমন বিরূপ প্রভাব পড়বে, এর জের টানতে হবে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকেও।প্যানেট্টা বলেন, ইরানে বোমা হামলা তেহরানের পরমাণু কর্মসূচিকে শুধু কয়েক বছরের জন্য বিলম্বিত করতে পারে বলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস যে মত দিয়েছেন, এর সঙ্গে তিনি একমত।প্যানেট্টা বলেন, যুক্তরাষ্ট্র এ সমস্যা সমাধানে কূটনৈতিক কৌশলের ওপর জোর দিয়েছে এবং ইরানের ওপর ‘বাড়তি নিষেধাজ্ঞা’ আরোপের জন্য মিত্রদের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, ইরানে সামরিক হস্তক্ষেপের বিষয়টি সর্বশেষ পদক্ষেপ হওয়া উচিত।এর মধ্যে ইসরায়েল আভাস দিয়েছে, তারা ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলা চালাতে পারে। ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, এ ধরনের হামলার আশঙ্কাই অনেক বেশি। তেহরানও হুমকি দিয়েছে, যেকোনো হামলা বা সামরিক পদক্ষেপের হুমকির বিরুদ্ধে তারা পাল্টা আঘাত হানবে।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি গুরুত্বপূর্ণ যে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ে বিশ্ব এককাট্টা হয়েছে এবং তেহরানকে পরিষ্কার বার্তা দিয়েছে, পরমাণু কর্মসূচি অব্যাহত রেখে তারা বড় ধরনের মাশুল দিতে যাচ্ছে।ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা হুমকির বিরুদ্ধে তেহরান সমুচিত জবাব দেবে। তিনি বলেন, ইরানের শত্রু ‘বিশেষত যুক্তরাষ্ট্র ও তার ভাঁড়দের এবং ইহুদি শাসনকে (ইসরায়েল)’ ইঙ্গিত করে ওই হুমকি দেওয়া হয়েছে।এদিকে গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের সঙ্গে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং পরমাণু ইস্যুতে তেহরানের ওপর কোনো নতুন অবরোধ আরোপের প্রভাব এই সম্পর্কে পড়া উচিত নয়।এর মধ্যে তেহরানের ওপর জাতিসংঘ অধিকতর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আরোপ করেছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, অন্যান্য দেশের মতো ইরানের সঙ্গে চীনের স্বচ্ছ ও স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন রয়েছে। তিনি বলেন, এ ধরনের লেনদেন উভয় দেশের মানুষকে লাভবান করছে। এ ধরনের লেনদেন অন্যান্য দেশের বা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ নষ্ট করছে না এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকেও লঙ্ঘন করছে না। এএফপি ও রয়টার্স।