ইরানে সুড়ঙ্গে গোপন পরমাণুকেন্দ্র রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের দামাবান্দ শহরসংলগ্ন পাহাড়ের সুড়ঙ্গে গোপন একটি পরমাণুকেন্দ্র রয়েছে বলে দাবি করেছে দেশটির একটি নির্বাসিত সরকারবিরোধী সংগঠন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানকারী পিপলস মুজাহিদিন অব ইরান (এমইকে) নামের সংগঠনটি গতকাল বৃহস্পতিবার দাবি করে, ওই পরমাণু প্রকল্প চালু হয় ২০০৬ সালে।এমইকের দাবি, সম্প্রতি নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ওই পরমাণু কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগঠনটির এ বক্তব্য প্রসঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ) কোনো মন্তব্য করেনি। ইরানে ১৯৬০-এর দশকের শাহ সরকারের বিরোধিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এমইকে গত বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিবেচনায় ‘একটি সন্ত্রাসী সংগঠন’ ছিল। সমমনা সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই) মাধ্যমে এমইকে গতকাল একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, ইরানের বিভিন্ন অংশে সক্রিয় ৫০টি সূত্রের মাধ্যমে গত এক বছরে সংগৃহীত তথ্যের পরিপ্রেক্ষিতে দেশটিতে একটি গোপন পরমাণুকেন্দ্রের অবস্থান শনাক্ত করা হয়েছে। একটি পর্বতের সুড়ঙ্গের ভেতরে ‘প্রজেক্ট কোসার’ নামের ওই পরমাণু প্রকল্প চালু রয়েছে। ইরানের রেভ্যুলেশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন ফখরিজাদেহ ওই প্রকল্পের তত্ত্বাবধান করছেন। এএফপি।