ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানাবে না ইসরায়েল
ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হবে না। ইরান আক্রমণ বিষয়ে বেসরকারি ও শীর্ষস্থানীয় সরকারি পর্যায়ের কয়েকটি ধারাবাহিক সংলাপে এমন (অনানুষ্ঠানিক) ঘোষণা দেওয়া হয়। এসব আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাঁর মতে, হোয়াইট হাউস ও ক্যাপিটাল হিলে ইরান বিষয়ে আগামী দিনগুলোতে অনুষ্ঠেয় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বৈঠকের আগে ইসরায়েলের এ বক্তব্য তাদের সতর্কবার্তারই নামান্তর। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে ওই মার্কিন কর্মকর্তা জানান, ইরানে হামলার আবশ্যকীয়তা নিয়ে ইসরায়েল যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় তবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে অন্ধকারে রাখা হবে। সম্ভাব্য ইরান আক্রমণ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছে—ওয়াশিংটনের বিরুদ্ধে (আন্তর্জাতিক সম্প্রদায়ের) এমন অভিযোগ ওঠার সম্ভাবনা হ্রাস করাই এর উদ্দেশ্য। পর্যবেক্ষকেরা বলেন, ইরানে হামলা চালানো হলে তা দেশটির পরমাণু কর্মসূচিতে কেবল সাময়িক বাধার সৃষ্টি করবে—এটি বোঝাতে কয়েক মাস ধরেই ইসরায়েলের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক তেলআবিব সফরে আসা শীর্ষ মার্কিন প্রতিনিধিদের কয়েক দফায় এ বার্তা দিয়েছেন, ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আস্থার ফারাক কমিয়ে আনতে তাঁরা সবাই প্রচেষ্টা চালাচ্ছেন। শীর্ষ প্রতিনিধিদল ছাড়াও যে মার্কিনিরাই একই বিষয়ে আলোচনার জন্য ইসরায়েল সফর করেছেন তাঁদেরও প্রধানমন্ত্রী নেতানিয়াহু একই বার্তা দিয়েছেন।এদিকে ইরান দাবি করে আসছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের এ কর্মসূচি পরমাণু অস্ত্র তৈরির ভবিষ্যৎ ইঙ্গিত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে। ইসরায়েলের গোপন সতর্কবাণী মার্কিন কর্মকর্তাদের এবং ইরান বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেন, ইরান আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রকে অন্ধকারের মধ্যে রাখার ইসরায়েলের দৃশ্যত এ সিদ্ধান্ত হোয়াইট হাউসের ব্যাপারে তেলআবিবের হতাশা থেকেও আসতে পারে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন এক সফরে ইসরায়েলের কর্মকর্তাদের জানিয়ে দেন, আমেরিকানরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ কিংবা তার ওপর একতরফা ইসরায়েলি হামলায় সমর্থন করবে না। পিটিআই।