ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যেকোনো সময় একতরফাভাবে হামলা চালাতে পারে ইসরায়েল। হামলার প্রস্তুতি নিতে বড় ধরনের প্রশিক্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনীর একটি এলিট ব্রিগেড।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক মার্কিন বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্টিন ডিম্পসেকে জানিয়েছেন, ইরানে হামলা শুরুর ১২ ঘণ্টার আগে তারা বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানাবে না।ইসরায়েলের এমন ঘোষণায় নাখোশ হয়ে তাদের সঙ্গে একটি যৌথ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ওই মহড়া আগামী এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে ইসরায়েলি নেতারা ইঙ্গিত দিয়েছেন, চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁরা প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করবেন, যাতে তিনি পুনর্নির্বাচিত হতে পারেন। এ জন্য তাঁরা মার্কিন ইহুদি ভোটারদের ওবামাকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।যেকোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় দীর্ঘমেয়াদি হামলা চালানোর প্রস্তুতি নিতে প্রশিক্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনীর অভিজাত দল ৩৫ ছত্রীসেনা ব্রিগেড।এদিকে মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন কোনো অঘটন ছাড়াই হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। তাদের দেশ থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর হুমকির পরিপ্রেক্ষিতে ইরান ওই প্রণালি বন্ধের হুমকি দিয়েছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গত রোববার বলেন, ‘নৌপথের নিরাপত্তা পর্যবেক্ষণের নিয়মিত ট্রানজিটের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এ সময় কোনো অঘটন ঘটেনি।’বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে সর্বোচ্চ ৮০টি বিমান ও হেলিকপ্টার থাকতে পারে। হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এর পাহারায় ছিল ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস কেপ সেন্ট জর্জ ও আরও দুটি ডেসট্রয়ার।এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মার্কিন ওই নৌবহরের সঙ্গে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ ও একটি ফরাসি জাহাজ একই সময় হরমুজ প্রণালি অতিক্রম করেছে।নিষেধাজ্ঞা অনুমোদন: ইরান থেকে তেল আমদানি নিষিদ্ধ করার প্রস্তাবে চূড়ান্তভাবে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। ব্রাসেলসে গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে বেশ কিছু দিন ধরে সিদ্ধান্তহীনতায় ছিল ইইউর কয়েকটি দেশ। তাদের আশঙ্কা, এতে করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে। অবশেষে ইইউ নিষেধাজ্ঞায় সম্মত হয়েছে এবং এ দিনই তেলের দাম বেড়ে গেছে।ইইউ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা এখনই কার্যকর হবে। তবে ইরান থেকে তেল আমদানির যেসব চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে, সে ক্ষেত্রে আগামী ১ জুলাই পর্যন্ত ছাড় দেওয়া হবে।ইরান আগেই হুমকি দিয়ে রেখেছে, ইইউ যদি তাদের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। ইরানসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে উৎপাদিত তেল পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এ পথটি খুবই গুরুত্বপূর্ণ। এএফপি ও বিবিসি।