ইরানের অবরোধ কঠোর করে কাজ হবে না: রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ জোরদার করার উদ্যোগের সমালোচনা করেছে রাশিয়া। দেশটি গতকাল বৃহস্পতিবার বলেছে, এতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা নিরসনের চেষ্টায় কোনো ইতিবাচক ফল আসবে না।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বুধবার এমন একটি বিল পাস করেছে যার ফলে তেহরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। বিতর্কিত পরমাণু কর্মসূচির তহবিল বন্ধ করা ও শনিবারের শপথের আগে নতুন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির প্রতি একটি বার্তা দেওয়া এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ মস্কোতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, এ অবরোধের উদ্দেশ্য ইরানকে অর্থনৈতিকভাবে পিষে মারা। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা নয়।

গাতিলভ আরও বলেন, নিরাপত্তা পরিষদের যে নিষেধাজ্ঞা বলবৎ আছে তাই এ জন্য যথেষ্ট। রয়টার্স।