ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান তার সর্বোচ্চ সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করেছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ পার্লামেন্ট সদস্য। বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বিষয়ে সমঝোতার ক্ষেত্রে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এক প্রধান দাবি ছিল এটি।
ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি কমিশনের জ্যেষ্ঠ সদস্য হোসেইন নাকভি হোসেইনি বলেছেন, ইরান ৫ শতাংশের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করেছে। এ মাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়াম বেসামরিক জ্বালানি কেন্দ্রগুলোর জন্য প্রয়োজন। তেহরানের চিকিৎসা গবেষণাসংক্রান্ত পারমাণবিক চুল্লির জন্য প্রয়োজনীয় ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজও এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের জন্য ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা একটি সংবেদনশীল বিষয়। কারণ, একটি পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন। ২০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়ামকে ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা তুলনামূলকভাবে অল্প দূরের একটি পদক্ষেপ।
হোসেইন নাকভির উদ্ধৃতি দিয়ে ইরানি পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়, ‘ইউরেনিয়াম ৫ শতাংশের বেশি সমৃদ্ধ করার কাজটি দেশের প্রয়োজনের ওপর নির্ভর করছে। তেহরানে অবস্থিত পারমাণবিক চুল্লির জ্বালানি সরবরাহের জন্য প্রয়োজন ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা। তবে তেহরানের স্থাপনায় এ মুহূর্তে প্রয়োজনীয় এই জ্বালানি রয়েছে এবং সেখানকার জন্য এটি আর উৎপাদনের দরকার নেই।’
নাকভি আরও বলেন, ‘ইউরেনিয়াম ৫ শতাংশের ওপর সমৃদ্ধ করা হবে কি না, সে বিষয় তেহরানই ঠিক করবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল বা স্থগিত করার বিষয়টি অর্থহীন। কেননা, এ মুহূর্তে আর কোনো পর্যায়েই ইউরেনিয়াম উৎপাদন করা হচ্ছে না।’
বিশ্লেষকেরা বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে এ রকম সত্যি কোনো পদক্ষেপ নিলে, সেটি হবে এক বড় ঘটনা। পাশ্চাত্যের বিশেষজ্ঞরা মনে করেন, আরোপিত কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পেতে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচিকে দর-কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বেশ নাজুক অবস্থায় রয়েছে।
ইরানের ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুতের ওপর নজর রাখছে পশ্চিমা দেশগুলো। রয়টার্স।