ইরানের ওপর আবার মার্কিন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জ্বালানি খাত এবং চীন ও ইরাকের দুটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছেন। এর ফলে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান সংকট আরও ঘনীভূত হলো।ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত একটি নতুন বিলের ওপর মার্কিন কংগ্রেসে ভোটাভুটির প্রস্তুতির প্রাক্কালে এই অবরোধ আরোপ করা হলো। চলতি সপ্তাহেই এই ভোট হওয়ার কথা।এদিকে ইরানের পাশাপাশি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এ অবরোধ প্রত্যাহার করে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, তারা এর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জ্বালানি ও বাণিজ্য খাতে ইরানের সঙ্গে চীনের স্বাভাবিক সম্পর্ক রয়েছে। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই।ওবামা এক বিবৃতিতে বলেন, ইরানের ব্যাপারে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র এখনো অঙ্গীকারবদ্ধ। কিন্তু আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার দায়দায়িত্ব তেহরানের।আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী মিট রমনি বলে আসছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওবামা প্রশাসন কার্যকর ভূমিকা পালন করছে না। তবে এই অবরোধ আরোপের ফলে ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের কঠোর নীতিরই বহিঃপ্রকাশ ঘটল।ওবামা বলেন, ইরানের পেট্রোলিয়াম রাসায়নিক পদার্থ কেনাবেঁচা নিষিদ্ধ করে দেশটির তেলসম্পদের ওপর বিদ্যমান অবরোধ জোরালো করা হলো। ইরানের জাতীয় তেল কোম্পানি বা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান ইরানকে মার্কিন ডলার বা তাদের মূল্যবান ধাতু কিনতে সাহায্য করে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নতুন অবরোধের আওতায় চীনা ব্যাংক কুনলুন ও ইরাকের ইলাফ ইসলামি ব্যাংকও রয়েছে। ওয়াশিংটন বলছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানকে অবরোধ এড়াতে সাহায্য করছে। তেহরানের সঙ্গে তাদের অর্থনৈতিক লেনদেন রয়েছে। মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা থেকে এই দুটি ব্যাংককে বাদ দেওয়া হবে।ওবামা অবরোধ আরোপের পক্ষে যুক্তি দেখান, ইরানকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরান সরকার উদ্ধত আচরণ করলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র ও তার বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নতুন করে অবরোধ আরোপের ফলে একটি বিষয় স্পষ্ট হয়েছে, ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পৃক্ত রাখতে ভবিষ্যতে যেসব প্রতিষ্ঠান সাহায্য করবে তাদের ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র। প্যানেট্টার ইসরায়েল সফর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা তাঁর ইসরায়েল সফরে গতকাল বুধবার তেল আবিবে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক অচলাবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পেন্টাগন-প্রধান প্যানেট্টা গত মঙ্গলবার রাতে তেল আবিবে পৌঁছান।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম কোনো অভিযান চালানো হবে কি না, এ ব্যাপারে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে তিনি বলেন, ইসরায়েল তার নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রসহ কারও ওপর নির্ভর করবে না।তেল আবিবের উদ্দেশে যাত্রা শুরুর আগে কায়রোতে প্যানেট্টা সাংবাদিকদের বলেন, তাঁর ইসরায়েল সফরে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘এটা ভুল ধারণা যে আমরা ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।’ বিবিসি ও এএফপি।