ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকে ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছে তেহরান। এই নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে দেওয়া হয়েছে বলে ইরান অভিযোগ করেছে।ইরান বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ না করায় ইইউ গতকাল মঙ্গলবার নতুন করে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্ব শক্তিগুলোর সন্দেহ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেই এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যদিও ইরান বার বার বলছে, পারমাণবিক অস্ত্র তৈরি নয়, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই তারা এ কর্মসূচি এগিয়ে নিচ্ছে।গত সোমবার ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে একমত হয় ইইউ। এই নিষেধাজ্ঞায় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস শিল্প এবং কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইইউ ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করেছে। ইউরোপে থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করার সিদ্ধান্তও নিয়েছে ইইউ। এই তালিকায় ইরানের জাতীয় তেল কোম্পানিও রয়েছে। এই কোম্পানি বিশ্বে তেল রপ্তানির ক্ষেত্রে শীর্ষে থাকা কোম্পানিগুলোর একটি।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইইউ ও যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা অযৌক্তিক, অবৈধ ও অমানবিক। এই নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে আরোপ করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অজুহাত বানিয়ে পশ্চিমারা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে। এই কর্মসূচি নিয়ে বিতর্কের অবসান হলে, পশ্চিমারা নতুন অজুহাত বের করে আমাদের ওপর চাপ অব্যাহত রাখবে।’যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘আমরা ইরানের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছি। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সফল না হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরও কঠোর হবে।’জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে জার্মানি মিলে ছয় দেশের প্রতিনিধিরা চলতি বছরের শুরুর দিকে ইরানের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু কোনো অগ্রগতি ছাড়াই ওই আলোচনা শেষ হয়।চীনের সমালোচনা: ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই গতকাল বলেন, ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে চীন। বেইজিং মনে করে, নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ওপর চাপ বাড়ানো পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সমস্যার সমাধান দিতে পারবে না। এটা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল ও সাংঘর্ষিক করে তুলবে। এএফপি।