ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের প্রতি সম্মান দেখাতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। রুহানি গতকাল রোববার পার্লামেন্টে দেওয়া অভিষেক বক্তৃতায় এ আহ্বান জানান।
ইরানের নতুন প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনীয় সাড়া পেতে চাইলে নিষেধাজ্ঞা আরোপের ভাষায় কথা না বলে সম্মানের ভাষায় কথা বলুন।’ তাঁর এ কথায় সাংসদেরা উল্লাস প্রকাশ করেন।
এর আগে হাসান রুহানি গতকাল আনুষ্ঠানিক শপথ নেন। পাশ্চাত্যের আরোপিত বিভিন্ন অবরোধ শিথিল করার জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন তিনি।
দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুমোদন পাওয়ার পর শনিবার দায়িত্ব গ্রহণ করেন ৬৪ বছর বয়সী রুহানি। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার জন্য তিনি দুই সপ্তাহ সময় পাবেন। দেশটির পার্লামেন্টে তাঁর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্যের ১০টি রাষ্ট্রের প্রধানেরা।
আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিনের আলোচনার ব্যাপারে রুহানি গঠনমূলক মনোভাব দেখাবেন। বিবিসি।