ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাকি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির অভিযোগ এনে দেশ তিনটি এই আহ্বান জানায়।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারভেলি বলেন, বৈঠকে ইরান কোনো ধরনের ‘গঠনমূলক ইচ্ছা’ দেখায়নি। এ কারণে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। গত শুক্রবার সাইপ্রাসে আনুষ্ঠানিক বৈঠকের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফোবিয়াস ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও একই ধরনের মন্তব্য করেন।যুক্তরাষ্ট্র ও ইইউ দীর্ঘদিন ধরে বলে আসছে, তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তাররোধী চুক্তি (এনপিটি) লঙ্ঘন করে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান বারবার ওই অভিযোগ নাকচ করে আসছে। তারা বলছে, তেহরান কোনো সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না, বরং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে। তারা এনপিটির শর্ত মেনেই তা করছে।ইরানের সঙ্গে সর্বশেষ আলোচনার প্রসঙ্গ টেনে গুইডো ওয়েস্টারভেলি বলেন, ওই আলোচনায় ইরানের পক্ষ থেকে গঠনমূলক কিছু করা হয়নি। তিনি জানান, তারা যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তাহলে শিগগরিই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তা আগামী বছর নয়, কয়েক সপ্তাহের মধ্যেই করতে হবে।উইলিয়াম হেগ বলেন, সর্বশেষ জুলাইয়ে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তা বেশ কাজে দিয়েছে। সে সময় ইইউ ও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন ইরানের ওপর চাপ বৃদ্ধি ও নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে।লরা ফোবিয়াস বলেন, কূটনৈতিক প্রচেষ্টা এখন অচল হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে ইরানের ওপর সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে।সম্পর্ক ছিন্ন করেছে কানাডা: কানাডা ইরানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। এমনকি সব ইরানি কূটনীতিককে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার তারা এ ঘোষণা দেয়। বিশ্বশান্তির জন্য ইরান বড় ধরনের হুমকি—এমন দাবি করে এ পদক্ষেপ নিয়েছে কানাডা। বিশ্লেষকেরা বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ইরানের সহযোগিতা, ইরানের পরমাণু কর্মসূচি ও দেশটির সঙ্গে ইসরায়েলের বৈরী সম্পর্কের কারণে কানাডা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেইর্ড এক বিবৃতিতে বলেন, ইরান আজকের দিনে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ধরনের হুমকি। এ কারণে ইরানের সঙ্গে কানাডা কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। বিবিসি ও এএফপি।