ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চেয়েছে তিন বৃহৎ শক্তি
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সে দেশের ওপর নতুন করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপের তিন বৃহৎ শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এ ব্যাপারে ইইউর পক্ষ থেকে যৌথ পদক্ষেপ নিতে সংগঠনটির পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাস্টনের কাছে গত সপ্তাহে চিঠি লিখেছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তাঁর দেশে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ সীমিত করতে তিনি প্রস্তুত আছেন। কিন্তু এ ব্যাপারে পশ্চিমাদের আলোচনার বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি সন্দিহান। গতকাল সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ এসব কথা বলেন।চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসছে। সেখানে ইরানের ওপর আন্তর্জাতিক চাপের সমুচিত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আহমাদিনেজাদ। তাঁর এই প্রস্তুতির প্রাক্কালেই ইরানের ওপর ফের নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ।নিউইয়র্কে রোববার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথারিন অ্যাস্টন। তাঁরা ইরানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।ইইউর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিস্তারিত নিয়ে এখনো কাজ চলছে। তবে জোটের ২৭ পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে ১৫ অক্টোবর ব্রাসেলসে আলোচনায় বসছেন।যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো মনে করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। কিন্তু তেহরানের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা এ কর্মসূচি চালাচ্ছে। সম্প্রতি জোর গুঞ্জন ছড়িয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছার সময় ফুরিয়ে যাচ্ছে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, ফ্রান্সের লঁরা ফ্যাবিয়াস ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ওয়েস্টারওয়েলির বরাত দিয়ে পশ্চিমা এক কূটনীতিক বলেন, ‘নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জরুরি হয়ে পড়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি, রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো আছে। আর আমরা এ লক্ষ্যেই কাজ করছি। কিন্তু আমরা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই মেনে নিতে পারি না।’আগামী বৃহস্পতিবার নিউইয়র্কে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় জাতি আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ক্যাথারিন অ্যাস্টন। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন।ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘পশ্চিমাদের উদ্বেগ দূর করতে একটা সমাধানে পৌঁছতে আমরা সব সময়ই প্রস্তুত ছিলাম, এখনো আছি। এ লক্ষ্যে আমরা অনেক যৌক্তিক প্রস্তাবও দিয়েছি।’ আহমাদিনেজাদ বলেন, ‘আমরা সব সময়ই আলোচনার পক্ষে। আমাদের একটা স্পষ্ট নীতি হলো, আমরা বিশ্বাস করি, কেউ আইনের শাসন মানলে, সবাই সবাইকে শ্রদ্ধা করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ এএফপি।