ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার বিপক্ষে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব না আনতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন সিনেটরদের সঙ্গে আলোচনায় এ আহ্বান জানান ওবামা।
দুই ঘণ্টার ওই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসও উপস্থিত ছিলেন।
ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধে তেহরানের ব্যাপারে ওয়াশিংটনকে আরও কঠোর হওয়ার পক্ষে সম্প্রতি মত দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
গতকাল সিনেটরদের ওবামা বলেন, আলোচিত চুক্তিটি গ্রহণে ইরান যদি অস্বীকৃতি জানায় বা মানতে ব্যর্থ হয়, তবেই দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কার্যকর হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে আরও সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন ওবামা।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন, যদি কোনো কারণে চুক্তি ভেস্তে যায়, তবে তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ অব্যাহত রাখতে পারে।
আজ জেনেভায় ইরানের সঙ্গে ছয়টি দেশের নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা।