ইরানের গালিচা দখল করছে আফগান বাজার
ইসমাইল তেমোরজাদা একজন গালিচা বিক্রেতা। আফগানিস্তানের রাজধানী কাবুলে তাঁর দোকান। ২০ বছরের বেশি সময় ধরে এই দোকানে দেশের ঐতিহ্যবাহী গালিচা বিক্রি করছেন তিনি। একসময় বিদেশেও রপ্তানি করতেন। কিন্তু প্রায় এক দশক ধরে চলা যুদ্ধের কারণে রপ্তানি বন্ধ। এদিকে মেশিনে তৈরি ইরানি গালিচা দখল করে নিচ্ছে আফগান বাজার।তেমোরজাদার (৪৫) দোকান একসময় ছিল রমরমা। ক্রেতাদের ভিড় লেগেই থাকত। কিন্তু এত দিনে দৃশ্যপট আমূল পাল্টে গেছে। আফগান এই নাগরিকের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। তেমোরজাদা এএফপিকে বলেন, ‘আমার দোকানে গালিচা বিক্রি কমে গেছে, এখন আর কেউ হাতে বোনা গালিচা কিনতে চায় না।’ তিনি বলেন, ‘আফগানিস্তানে আজকাল সস্তায় আমদানি করা হচ্ছে মেশিনে তৈরি ইরানি গালিচা। এসব গালিচার স্বকীয়তা নেই, টেকসইও নয় তেমন, আকর্ষণীয়ও নয়। কিন্তু সস্তায় পাওয়া যায়। তাই লোকজন কিনছে। এতে আমার এবং আমার মতো আরও অনেকের দোকানের গালিচা বিক্রি গত বছর ৭০ শতাংশ কমে গেছে।’আফগানিস্তানের গালিচা সুপরিচিত রপ্তানিপণ্য। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের নারীরা এই শিল্পের সঙ্গে যুক্ত। উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশ থেকে সংগ্রহ করা সেরা গালিচাগুলো আছে তেমোরজাদার দোকানে। তিনি বলেন, একেকটি গালিচার মূল্য অন্তত এক হাজার ৩০০ ডলার। কিন্তু আজকাল কেউ আর এগুলো কিনছেন না। তেমোরজাদা চান সরকার ইরান থেকে গালিচা আমদানি বন্ধ করে দিক। নিদেনপক্ষে দেশটি থেকে গালিচা আমদানির ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হোক।একই দাবিতে সম্প্রতি আফগানিস্তানের একদল গালিচা ব্যবসায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। কিন্তু প্রেসিডেন্ট তাঁদের জানিয়ে দেন এটা সম্ভব নয়। কারণ, গালিচা আমদানি বন্ধ করে দিলে এর পরিণতি ভালো হবে না। আফগানিস্তানে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেবে ইরান। পরে ইরান থেকে গালিচা আমদানি শুল্ক বৃদ্ধির জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানান ব্যবসায়ীরা। এ ছাড়া তাঁরা আফগানিস্তানের ঐতিহ্যবাহী গালিচা আবার বিদেশে সরাসরি রপ্তানির উদ্যোগ নিতেও কারজাইকে অনুরোধ জানান।পরিবহন সমস্যার কারণে ধোয়া ও কাটার জন্য অধিকাংশ গালিচা পাকিস্তানে পাঠানো হয়। সেখান থেকে পাকিস্তানি মোড়কে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।আফগানিস্তানের রপ্তানি সংস্থার তথ্য অনুযায়ী, গালিচাশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৬০ লাখ আফগান যুক্ত। এই সংখ্যা আফগানিস্তানের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। কিন্তু এই সংখ্যা নাটকীয় হারে কমছে। বিদেশে আফগানিস্তানের গালিচা রপ্তানির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আফগান কার্পেট এক্সপোর্টার্স গিউল্ডের উপপরিচালক জরিফ ইয়াদগারি বলেছেন, আফগান গালিচাশিল্প আন্তর্জাতিক বাজারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। কিন্তু এখন সরাসরি এ দেশের গালিচা রপ্তানির সুযোগ নেই। পাকিস্তানের মধ্যস্বত্বভোগীদের সহায়তা নিতে হয়।আফগান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এসিসিআই) পরিসংখ্যান অনুযায়ী, গালিচা রপ্তানি ২০০৭ সালে ২৬ কোটি ২০ লাখ ও ২০০৮ সালে ১৪ কোটি ৯০ লাখ ডলার কমেছে।যা-ই হোক, কিছু ব্যবসায়ী আবার ফুলে-ফেঁপে উঠছেন। কাবুলের গালিচা ব্যবসায়ী মুহাম্মদ মুজামিল ইউসুফজাই এমনই একজন। তিনি বলেন, ‘মেশিনে তৈরি ইরানি গালিচা আনার পর থেকে আমার ব্যবসা জমে উঠেছে। হু হু করে বিক্রি বেড়েছে।’ এএফপি।