ইরানের ড্রোন তৈরির দাবি খারিজ প্যানেট্টার
আটক করা মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন থেকে তথ্য নিয়ে ড্রোন তৈরির ইরানি দাবি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। তিনি গত সোমবার সাংবাদিকদের কাছে ইরানি কর্তৃপক্ষের দাবি খারিজ করে বক্তব্য দেন।সিআইএর সাবেক পরিচালক প্যানেট্টা সাংবাদিকদের বলেন, ‘নিজের অভিজ্ঞতা থেকেই ইরানি দাবির প্রতি আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে।’ তবে তাচ্ছিল্যভরে ইরানি দাবি প্রত্যাখ্যান করলেও এই স্পর্শকাতর বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু আলোচনা করা থেকে বিরত থাকেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে বিন্যস্ত একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই ড্রোন তৈরি করা সম্ভব। এটি কোনো বিচ্ছিন্ন কার্যক্রম নয়। লাতিন আমেরিকা সফরের উদ্দেশে বোগোটা যাওয়ার পথে বিমানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী ইউনিট রেভল্যুশনারি গার্ডের অ্যারোস্পেশিয়াল বিভাগের প্রধান জেনারেল আমির আলী হাজিদেয়া গত রোববার জানান, তেহরানের হাতে আটক মার্কিন ড্রোন থেকে তাঁরা তথ্য উদ্ধার করে একই প্রযুক্তির ড্রোন তৈরি করছেন। গত ডিসেম্বরে তেহরান ওই ড্রোন আটক করে। এএফপি।