বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকদের সঙ্গে একটি কাঠামাগোত সমঝোতার প্রায় কাছাকাছি পৌঁছেছে ইরান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের সঙ্গে ইরানের বৈঠকের পর এই অগ্রগতি হয়েছে। ১৪ ও ১৫ মে দুই পক্ষের মধ্যে এই আলোচনা হয়। ওই কূটনীতিক বলেন, ‘উন্নতি হয়েছে। তবে এখনো একটি বা দুটি অনিষ্পন্ন বিষয় রয়ে গেছে। আমার প্রতিক্রিয়া হচ্ছে, উভয় পক্ষই ইতিবাচকভাবে সামনে এগিয়ে চলার চেষ্টা করছে।’২১ মে আলোচনা পুনরায় শুরু হবে। আশা করা হচ্ছে, এতে দুই পক্ষ যৌক্তিক কোনো সমাধানে পৌঁছাবে।ভিয়েনায় এমন একটা সময়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বসছে ইরান, যার ঠিক দুই দিন পরই একই ইস্যুতে বিশ্বশক্তির সঙ্গে তারা আলোচনা শুরু করবে। ইরাকের রাজধানী বাগদাদের ওই বৈঠকে পরমাণু শক্তিধর ছয়টি দেশ প্রতিনিধিত্ব করবে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরো গত বৃহস্পতিবার জানিয়েছেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে তাঁর দেশ। রয়টার্স।