ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ শুরু
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে বিশ্বের পরাশক্তিগুলোর নতুন সংলাপ শুরু হয়েছে। কাজাখস্তানের কাজাখ সিটিতে গতকাল মঙ্গলবার এই সংলাপ শুরু হয়। ২০১২ সালের পর এই প্রথম এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সে সময় কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই সংলাপ শেষ হয়েছিল। ইরানের সঙ্গে সংলাপে অংশ নেওয়া দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি, যারা সংক্ষিপ্তভাবে পি৫+১ নামে পরিচিত।আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। জ্বালানিশক্তি উৎপাদন ও চিকিৎসার মতো কাজে ব্যবহারের জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।ইরান ২০১০ সাল থেকে ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হওয়ার পথে এটা গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তিগত পদক্ষেপ। পশ্চিমারা এই ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করতে বারবার ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। তবে দেশটি তা প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, এটা তাদের অবিচ্ছেদ্য অধিকার।কাজাখ সিটিতে সংলাপে অংশ নেওয়া পশ্চিমা আলোচকেরা ইরানকে সমঝোতায় আসার বিনিময়ে বিভিন্ন সুবিধা দেওয়ার প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র মিশেল মান বলেন, এই প্রস্তাব ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে প্রশমিত করবে। পাশাপাশি এটা ইরানিদের মতামতের সঙ্গেও খাপসই হবে। তিনি বলেন, ‘আমরা বেশ কিছু প্রস্তাব রেখেছি, যা ইরানকে কিছুটা নমনীয় করবে বলে আশাবাদী।’অন্যদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানও সংলাপে ‘একটি সমন্বিত প্যাকেজ প্রস্তাব’ উপস্থাপন করবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিবিসি।