ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে নতুন আলোচনা ১৪ এপ্রিল
পরমাণু কর্মসূচি বিষয়ে জাতিসংঘের স্থায়ী পাঁচটি সদস্যসহ ছয়টি দেশের সঙ্গে ইরানের নতুন দফা আলোচনা আগামী ১৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টনের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র মাইকেল ম্যান গতকাল সোমবার বলেন, ‘আগামী ১৪ এপ্রিল ইস্তাম্বুলে আলোচনা শুরুর বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা আশা করছি, এই আলোচনা বড় ধরনের অগ্রগতির জন্য একটি পরিবেশ তৈরি করবে। অবশ্যই আমরা টেকসই অগ্রগতির লক্ষ্যে কাজ করছি।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি—এই ছয়টি দেশের সঙ্গে ইরানের সর্বশেষ পারমাণবিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ২০১১ সালের জানুয়ারিতে। ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। এবারের নতুন আলোচনার স্থান ইস্তাম্বুল, না বাগদাদ হবে—তা নিয়ে মতভেদ তৈরি হয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগেই ঘোষণা দিয়েছিলেন, তেহরান ও ছয়টি দেশের মধ্যে পারমাণবিক আলোচনা ১৩-১৪ এপ্রিল শুরু হতে পারে। তবে তেহরান আলোচনার স্থানের বিষয়ে আপত্তি তুলেছিল। তাদের যুক্তি, সাম্প্রতিক সময়ে দামেস্কের বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থান, এ ধরনের আলোচনা আয়োজনে তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এর পরিবর্তে ইরাকের বাগদাদে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দেয় তেহরান।স্থানের বিষয়ে তেহরানের পক্ষ থেকে গতকাল তেমন একটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেছেন, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই সব পক্ষ আলোচনার টেবিলে বসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানি পার্লামেন্টের ওয়েবসাইটকে তিনি বলেন, ছয়টি দেশ ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় বসবে বলে তাঁদের প্রত্যাশা।নতুন আলোচনা সামনে রেখে উভয় পক্ষই ইতিবাচক সংকেত দিয়েছে। ইরান ইঙ্গিত দিয়েছে, তারা একটি নতুন প্রস্তাব আলোচনার টেবিলে উপস্থাপন করতে যাচ্ছে। অপরদিকে, ওয়াশিংটন বলেছে, তেহরান যদি প্রমাণ করতে পারে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, তাহলে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি মেনে নেবে। এএফপি, রয়টার্স।