ইরানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের সতর্ক, নজরদারি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের সতর্ক নজরদারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এ কথা জানিয়ে বলেছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে। হোয়াইট হাউসের প্রচার বিভাগের সচিব জে কার্নি বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তথাকথিত গোপন কোনো উদ্যোগ নিলে আমরা জানতে পারব। ব্যাপারটা এখনো ঘটেনি। তবে ইরানকে এ ব্যাপারে গুরুত্ব সহকারে দায়দায়িত্ব নিয়ে অগ্রসর হতে হবে এবং পরমাণু কর্মসূচি বর্জন করতে হবে। পারমাণবিক অস্ত্র অর্জন থেকে তেহরানকে বিরত রাখতে মার্কিন প্রেসিডেন্ট অঙ্গীকারবদ্ধ। এ কথা তিনি স্পষ্ট বলে দিয়েছেন। এ ব্যাপারে ইসরায়েলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’ জে কার্নি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর শাস্তিমূলক নজিরবিহীন অবরোধ আরোপের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করতে চায়। বিষয়টি বাস্তবায়নের সময় এখনো রয়েছে। শাস্তিমূলক অবরোধ এড়াতে চাইলে ইরানকে নিশ্চিত করতে হবে যে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্যোগ নেই। এভাবে আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে নিয়ে তারা আবার জাতিসংঘের অধীনে কাজ করতে পারবে।প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার ব্যাপারে তাঁর অঙ্গীকার বাস্তবায়নে সম্ভাব্য সবগুলো পথ খোলা রেখেছেন। জো কার্নি আরও বলেন, ইরানের সমস্যাটি কূটনৈতিকভাবে নিষ্পত্তির সুযোগ অনির্দিষ্টকালের জন্য উন্মুক্ত থাকবে না। পিটিআই।