ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম নারী মুখপাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন নারীকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে। মারজিয়াহ আফখাম নামের ওই নারী একজন পেশাদার কূটনীতিক। গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের মুখপাত্রের পদে একজন নারীকে নিয়োগ দেওয়ার ঘটনা ইসলামি প্রজাতন্ত্র ইরানে এটিই প্রথম।
ইরানের সংবাদমাধ্যম গতকাল বৃহস্পতিবার জানায়, মারজিয়াহ আফখাম ওই মন্ত্রণালয়ে প্রায় তিন দশক ধরে চাকরি করছেন। ২০১০ সাল থেকে তিনি মন্ত্রণালয়ের মিডিয়া ও পাবলিক ডিপ্লোমেসি বিভাগের পরিচালকের পদে কাজ করছিলেন।
আফখামকে নতুন মুখপাত্র হিসেবে ঘোষণা করে মন্ত্রণালয়ের বিদায়ী মুখপাত্র আব্বাস আরাকচি বলেন, ‘গণমাধ্যমবিষয়ক কূটনীতিতে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি।’
আব্বাস আরাকচি আরও বলেন, ‘মারজিয়ার নিয়োগের ব্যাপারে যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের বুঝতে হবে, এ নিয়োগের ক্ষেত্রে কেবল তাঁর অভিজ্ঞতাকেই বিবেচনায় আনা হয়েছে।’ পার্লামেন্টের অতিরক্ষণশীল সদস্যদের বিরোধিতার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
বিদায়ী মুখপাত্র আব্বাস গত মঙ্গলবার জানান, ইরানের এক রাষ্ট্রদূত পদেও প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগের প্রক্রিয়া চলছে। তিনি অবশ্য তাঁর নাম প্রকাশ করেননি।
ইরানের মধ্যপন্থী নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি উচ্চতর পদে নারীদের নিয়োগ দিতে কর্মকর্তাদের আহ্বান জানানোর পর আফখামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র করা হলো। এএফপি।