ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন আণবিক সংস্থার প্রধান সালেহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে সে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।গতকাল ওই অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুশেহের মোত্তাকির বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানে অংশ নেননি মোত্তাকি। ওই অনুষ্ঠানেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সালেহি।নতুন পররাষ্ট্রমন্ত্রী সালেহী (৬১) যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁকে গত বছরের ১৭ জুলাই আণবিক শক্তি সংস্থার প্রধান করা হয়। শেষমেশ পররাষ্ট্রমন্ত্রী করা হয় তাঁকে। ইরানের আইন অনুযায়ী অনুমোদনের জন্য দেশটির পার্লামেন্টে তাঁর নাম জমা দেবেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।আহমাদিনেজাদ গত ১৩ ডিসেম্বর মোত্তাকিকে (৫৭) বরখাস্ত করেন। এ সময় মোত্তাকি সেনেগাল সফরে ছিলেন। তাঁকে বরখাস্ত করার কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি সরকার। এএফপি।