ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আজ আবার আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আজ শনিবার সকাল থেকে আবার আলোচনায় বসবে বিশ্বের প্রভাবশালী ছয়টি দেশ। গত বৃহস্পতিবার জেনেভায় দুপক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠক করেন।

বৈঠকের পর গতকাল সন্ধ্যায় মার্কিন কর্মকর্তারা জানান, ‘আমরা উভয় পক্ষের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করছি এবং গতকালের আলোচনায় এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে।’ তাঁরা জানান, তবে এখনো আরও অনেক কাজ বাকি রয়ে গেছে।

আশা করা হচ্ছে, এ আলোচনায় দীর্ঘদিন ধরে চলা সংকট নিরসনে দুই পক্ষের সমঝোতা হতে পারে। এ ব্যাপারে দুই পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির সঙ্গে কথা বলছে পি ফাইভ+ওয়ান হিসেবে। এর অর্থ হচ্ছে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং ষষ্ঠ দেশ জার্মানি।

এক মাসেরও কম সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক শুরু হলো। আগের বৈঠকে ইরান দুই দফায় এক বছরের মধ্যে পারমাণবিক প্রকল্প নিয়ে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান বোমা তৈরির উদ্দেশ্যে পারমাণবিক প্রকল্প চালিয়ে যাচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের উদ্দেশ্য পুরোপুরি শান্তিপূর্ণ।