ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে বিশ্ব ব্যর্থ: নেতানিয়াহু
পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সামনে একটা ‘পরিষ্কার লাল সীমারেখা’ এঁকে দিতে ব্যর্থ হচ্ছে বিশ্ব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার এ মন্তব্য করেছেন। জাতিসংঘের নতুন প্রতিবেদনে তেহরান পারমাণবিক সক্ষমতা দ্বিগুণ করেছে—এমন দাবির পর তাঁর এ মন্তব্য এল। নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে বলেন, ‘আমি মনে করি, আমাদের সত্য বলতে হবে—আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের জন্য একটি পরিষ্কার লাল সীমারেখা এঁকে দিচ্ছে না। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক—আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন সংকল্প দেখতে পাচ্ছে না দেশটি।’ তিনি আরও বলেন, এই লাল সীমারেখা এবং এই সংকল্প না দেখা পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির অগ্রগতি থামাবে না। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার তার সর্বশেষ প্রতিবেদন দেওয়ার পর নেতানিয়াহু এই প্রথম এ বিষয়ে মন্তব্য করলেন। আইএইএর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার ভূগর্ভস্থ ফারদো পারমাণবিক প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা দ্বিগুণ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, অবরোধ এবং ইসরায়েলি সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার মধ্যেই তা করা হচ্ছে। পশ্চিম তীর ছাড়ছে ইহুদি বসতি স্থাপনকারীরা: পশ্চিম তীরের মাইগ্রোন এলাকা ছেড়ে যাওয়া শুরু করেছে বেশকিছু ইসরায়েলি পরিবার। আদালতের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল রোবববার সকালে পরিবারগুলো পশ্চিম তীরের ওই বসতি এলাকা ছাড়া শুরু করে বলে জানা গেছে। মাইগ্রোন হচ্ছে পশ্চিম তীরে সবচেয়ে বড় ও প্রাচীন বসতি, যেটির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেই। ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমির ওপর এটা গড়ে তোলা হয়। ২০১১ সালের আগস্টে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ওই বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এএফপি।