ইরানের প্রতিরক্ষায় নতুন ক্ষেপণাস্ত্রের সংযোজন
ইরানে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করা হয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ক্ষেপণাস্ত্রটি গত মঙ্গলবার উদ্বোধন করেন। নতুন ক্ষেপণাস্ত্রটির নাম ফাতেহ-১১০। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, তাঁর দেশ প্রতিরক্ষা-সামর্থ্য বাড়াতে চায়। তবে আক্রমণাত্মক উদ্দেশ্য ইরানের নেই। জয় নয়, কেবল ‘আত্মরক্ষার’ লক্ষ্য নিয়ে ইরানের প্রতিরক্ষব্যবস্থা পরিচালনা করা হয়। এ ছাড়া মানবতার মর্যাদা রক্ষাও ইরানের একটি উদ্দেশ্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, কয়েক সপ্তাহ আগে স্থল থেকে স্থলে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতেহ-১১০-এর সফল পরীক্ষা চালানো হয়েছে। সহায়তা দিতে পারবে মার্কিন এনজিও: ইরানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে আর্থিক সহায়তা পাঠাতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেবে যুক্তরাষ্ট্র। মানবিক কারণে এর আগে ইরানে খাদ্য ও ওষুধের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সম্প্রতি আঘাত হানা বড় ধরনের দুটি ভূমিকম্পে অন্তত ৩০০ জন নিহত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ইরানে আর্থিক সহায়তা দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য হোয়াইট হাউসকে চাপ দিলে মার্কিন অর্থ মন্ত্রণালয় সাময়িকভাবে এতে সম্মত হয়। বিবিসি।