ইরানের প্রেসিডেন্টের আশা জাগানিয়া জাতিসংঘ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের চলতি অধিবেশনে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ ভাষণে রুহানি দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিপক্ষ রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর আলোচনার আভাস দেবেন। গতকাল সোমবার এক বিশেষ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন হওয়ার মাস খানেকের মধ্যেই রুহানি তাঁর পূর্বসূরির (মাহমুদ আহমাদিনেজাদ) পররাষ্ট্রনীতি ও তাঁর সুর থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। প্রায় এক মাস আগে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী ইহুদিদের নববর্ষের (রশ হাসানাহ) শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর যে গণহত্যা (হলোকাস্ট) চালানো হয়েছে, তা ইরান কখনো অস্বীকার করেনি বলেও জানান।
শুধু তাই নয়, রুহানি ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ‘ইতিবাচক’ পত্রবিনিময় করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি টেলিভিশনকে বলেছেন, ইরান বিশ্বের (পশ্চিমা বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চায় এবং পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না।’
রুহানিই প্রথম প্রেসিডেন্ট যিনি যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে উপসম্পাদকীয় লিখেছেন। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে লেখা ওই নিবন্ধে তিনি অন্যান্য দেশের সঙ্গে গঠনমূলক মিথস্ক্রিয়া চান বলে জানান। একই সঙ্গে তিনি সিরিয়ায় সংঘাত নিরসনে ইরানের প্রস্তুতির কথাও জানান।

ইতিবাচক মনোভাব
প্রেসিডেন্ট রুহানি পরিষ্কারভাবে বলতে চাইছেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার পূর্ণ ক্ষমতা ও যথেষ্ট রাজনৈতিক স্বাধীনতা তাঁর আছে।
এ ব্যাপারে হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গ্যারি সিক বিবিসিকে বলেন, ‘আমরা ইতিমধ্যেই যে পরিবর্তন দেখেছি, তা নাটকীয়। রুহানি ও তাঁর দল (আইনপ্রণেতা) আহমাদিনেজাদবিরোধী।’ তিনি বলেন, ‘রুহানির কথার স্বর যা, তাতে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া দেখানো অনেক সহজ হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল টেলেমুন্ডুকে দেওয়া ওবামার সাক্ষাত্কারের সময়ও এটি বোঝা গেছে।’
গ্যারি সিক আরও বলেন, ‘প্রেসিডেন্ট রুহানির প্রস্তাব এমন, যা আগে কখনো দেখা যায়নি। তাই এটি পরীক্ষা করে দেখা উচিত।’
চলতি সপ্তাহে জাতিসংঘের সদর দপ্তরে দৈবক্রমে ওবামার সঙ্গে রুহানির দেখা হয়। ওই সময়ে দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনায়ও দেশ দুটির শান্তি আলোচনায় বসার বাস্তবিক সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে।
আগের বছরগুলোর চেয়ে নিউইয়র্কের চেহারাও পাল্টেছে। আগের বছরগুলোতে জাতিসংঘের অধিবেশনের সময় অঙ্গরাজ্যের বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন ও টাইমস স্কয়ারের বিভিন্ন বিলবোর্ডে আহমাদিনেজাদের ইসরায়েলবিরোধী বক্তব্যের নিন্দা জানানো হতো। তাঁর পরমাণু কর্মসূচিরও বিরোধিতা করা হতো। তবে এবার আর এমনটি হয়নি।
সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের আন্তর্জাতিক সম্পর্কের পরম্পরা থেকে রুহানি ইরানকে কেমন জায়গায় নেবেন, তা দেখতে এখন মুখিয়ে আছেন কূটনীতিকেরা।