
পারমাণবিক কর্মসূচির জন্য ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে অবরোধ আরোপের প্রস্তাব না তুলতে মার্কিন সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। পরাশক্তিগুলোর সঙ্গে ইরানের আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর মতো সময় দেওয়ার জন্যই গত মঙ্গলবার এই আহ্বান জানান তিনি।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে দেশটির আরেক দফা আলোচনা গতকাল বুধবার থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়ার কথা। আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে ইরান। দুই সপ্তাহ আগে জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ আলোচনায় চূড়ান্ত সমঝোতা না হলেও বেশ অগ্রগতি হয়েছে।
প্রেসিডেন্ট ওবামা গত মঙ্গলবার হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস উপস্থিত ছিলেন। ওই বৈঠক সম্পর্কে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি বন্ধ করার সুযোগ পেয়েছি। এর মাধ্যমে সমন্বিত একটি প্রস্তাব অর্জন করা সম্ভব হতে পারে।’
বিবৃতিতে বলা হয়, আলোচনার মাধ্যমে প্রাথমিক সমঝোতা না হলে ইরান ইউরেনিয়ামের মজুত বৃদ্ধি করবে, পারমাণবিক কেন্দ্রে নতুন সেন্ট্রিফিউজ যুক্ত করবে এবং আরাক শহরে একটি প্লুটোনিয়াম চুল্লি স্থাপন করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নি বলেন, ‘ওবামা সিনেটরদের বলেছেন, ইরান ছয় জাতি আলোচনার মাধ্যমে সমঝোতায় রাজি না হলে বা সমঝোতার শর্ত পালনে ব্যর্থ হলেই কেবল নতুন করে অবরোধ আরোপ করা হবে।’
সম্প্রতি মার্কিন কিছুসংখ্যক আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের বিষয়ে হোয়াইট হাউস তাড়াহুড়ো করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এ ইস্যুতে আরও কঠোর হওয়া।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় রাজি করাতে না পারলে তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি অব্যাহত রাখতে পারে। উল্লেখ্য, ইউরেনিয়াম ধাতুকে একটি নির্দিষ্ট মাত্রায় সমৃদ্ধ করতে পারলে তা পারমাণবিক অস্ত্র নির্মাণে কাজে লাগানো সম্ভব। ইরান তার কাছাকাছি পর্যায়ে রয়েছে। তবে দেশটি বরাবরই বলে আসছে, তাদের এ কর্মসূচির লক্ষ্য বেসামরিক।
এদিকে গতকাল জেনেভায় আলোচনা শুরুর প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া বার্তায় বলেছেন, ‘আশা করি, আমাদের মর্যাদার প্রতি সম্মান জানানো হবে। আমাদের মর্যাদার প্রতি সম্মান জানানোর দাবিও জানাচ্ছি। ইরানের পারমাণবিক জ্বালানি কাউকে ভয় দেখানোর জন্য নয় বা কোনো বিশেষ ক্লাবে যোগ দেওয়ার জন্য নয়। এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত আমরাই নেব।’
রুহানিকে ক্যামেরনের ফোন: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে গত মঙ্গলবার ফোন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কোনো প্রেসিডেন্টকে ফোন করলেন।
ফোনালাপে দুই নেতাই ছয় জাতির সঙ্গে ইরানের আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ সুযোগ’ বলে স্বীকৃতি দেন। তবে রুহানি বলেছেন, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার অধিকার ইরানের রয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ছয় জাতির সঙ্গে আলোচনা প্রসঙ্গে গতকাল বুধবার বলেন, ইরানের অধিকারের ওপর কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না। কট্টরপন্থী মিলিশিয়া বাহিনী বাসিজের কমান্ডারদের উদ্দেশে বক্তৃতায় খামেনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘ ইসরায়েলের খুঁটি দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলের ধ্বংস অনিবার্য।’ পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে পাশ্চাত্যের সঙ্গে সমঝোতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা ধর্মীয় নেতা খামেনির হাতেই বলে মনে করা হয়। বিবিসি ও এএফপি।