ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তেহরানের কাছ থেকে তেল আমদানি করে—এমন বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সময়সীমা ঘনিয়ে আসার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তিনি এ আহ্বান জানান।তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশেরই লক্ষ্য উল্লেখ করে হিলারি বলেন, ওয়াশিংটন ইরান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান চায়। বেইজিংয়ে চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাঙ্ক্ষিত কূটনৈতিক সমাধান অর্জনের সর্বোত্তম পন্থা হলো আমাদেরকে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকা।’ তিনি আরও বলেন, ‘তেহরানের ওপর আমরা যদি চাপ হালকা করি বা সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, তবে ইরান আস্থার সঙ্গে সমঝোতায় বসার কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতি সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগ্রহ অনেকটা হারিয়ে ফেলবে।’ ইরানকে সংকট সমাধানে বশে আনতে গৃহীত আইনের আওতায় যুক্তরাষ্ট্র ২৮ জুন থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। তেহরান থেকে তেল আমদানিকারক বিদেশি প্রতিষ্ঠানগুলো এ নিষেধাজ্ঞার অধীনে পড়বে। অশোধিত তেল ইরানের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের অন্যতম।এদিকে, চীন ও ভারত তাদের জ্বালানি তেল আমদানির জন্য ইরানের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। দেশ দুটি ওই মার্কিন আইনের বিরোধিতা করলেও নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ধীরে ধীরে তেহরান থেকে তেল আমদানি কমিয়ে আনছে। এএফপি।