ইরানের বিরোধী নেতার মেয়েদের মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সংস্কারপন্থী বিরোধীদলীয় নেতা মির হোসেন মুসাভির দুই মেয়েকে দেশটির নিরাপত্তা বাহিনীর নারী কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
মুসাভির মেয়ে নারগিস মুসাভি গত বৃহস্পতিবার ফেসবুকে এক লেখায় জানান, গৃহবন্দী মা-বাবাকে দেখতে গেলে তাঁরা মারধর ও অবমাননাকর আচরণের শিকার হন।
নারগিস লিখেছেন, তাঁরা গত বুধবার শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আল-ঘাদির উপলক্ষে মা-বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। এ জন্য তাঁরা তেহরানের যে বাড়িতে মা-বাবাকে বন্দী রাখা হয়েছে, তার কাছে এক গোয়েন্দা ‘সেফ হাউসে’ যান। সেখানেই সাক্ষাতের ব্যবস্থা করা হয়। কিন্তু পরে চলে আসার সময় দুই বোনকে মারধর করা হয়।
২০১১ সালে আরব বসন্তের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশের ডাক দিলে মির মুসাভিকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে গৃহবন্দী রাখা হয়েছে। রয়টার্স।