ইরানের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) ভিডিও ফুটেজটি খতিয়ে দেখছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ইরানের আকাশসীমায় ঢুকে পড়ার পর ওই ড্রোনটিকে নিচে নামিয়ে আনা হয়। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জন কারবি বলেন, ‘আমাদের ভিডিও ফুটেজটি দেখার সুযোগ হয়েছে। বিশ্লেষকেরা এটি খতিয়ে দেখছেন।’ তবে ওই বিশ্লেষকেরা ‘শুধু সামরিক কর্মকর্তা’ নন বলে ইঙ্গিত দিলেও তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরানের টেলিভিশনে প্রচারিত ওই ভিডিও ফুটেজে ড্রোনটি দেখানো হয়। এটি দেখতে আরকিউ-১৭০ সেন্টিনেল বিমানের মতো। ফুটেজ দেখে মনে হয়েছে, ড্রোনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুটেজে আরও দেখানো হয়, রেভল্যুশনারি গার্ডের দুজন কর্মকর্তা ড্রোনটি পরীক্ষা করছেন। তাঁদের মধ্যে ওই বিশেষ বাহিনীর বিমান শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহও রয়েছেন। মার্কিন কর্মকর্তারাও তাঁদের একটি ড্রোন নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি এ পরিস্থিতির শিকার হতে পারে। এএফপি ও বিবিসি।