ইরানের মন্ত্রিসভার একমাত্র নারীকে বরখাস্ত করা হলো
ইরানের মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য মারজিয়াহ ভাহিদ দস্তজারদিকে গতকাল বৃহস্পতিবার বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ভাহিদ দস্তজারদি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।ভাহিদ দস্তজারদি ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩০ বছরের ইতিহাসের প্রথম নারী মন্ত্রী। তাঁকে অপসারণের কোনো কারণ জানা যায়নি। তবে দেশে ওষুধের ঘাটতি মোকাবিলায় এর দাম বাড়ানোর জন্য তিনি যে আহ্বান জানিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তাঁকে বরখাস্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে দস্তজারদির ওই আহ্বান নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছিলেন, তাঁর বাজেট-চাহিদা মেটানো হয়েছে।আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান এখন ওষুধ ঘাটতির শিকার।বিশ্লেষকেরা মনে করেন, ওই নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে এবং মুদ্রাস্ফীতি ব্যাপক বেড়ে গেছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি দেশটির ওষুধ খাতকে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনেনি। বিবিসি।