ইরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পরমাণু কার্যক্রম নিয়ে উদ্ভূত উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রেখেছে। তবে তার আগে ইরানকে পরমাণু কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে হবে। নিউইয়র্ক টাইমস্ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি এ কথা বলেন।হিলারি ক্লিনটন বলেন, ইরান এখনো জানে না আলোচনার আগে তাদের কী করতে হবে। তিনি বলেন, ইরানকে কথা ও কাজের মধ্য দিয়ে পরমাণু কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে হবে। পরমাণু অস্ত্র বানাতে ইরানের ছয় মাস, এক বছর বা পাঁচ বছর যাই লাগুক না কেন, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ। হিলারি বলেন, ইরানকে নমনীয় করতে তাঁরা তেহরানের ওপর অবরোধ আরোপকেই কার্যকর পদক্ষেপ হিসেবে মনে করছেন। গত বৃহস্পতিবার একইভাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে রাজি আছেন বলে ঘোষণা করেছিলেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওবামা হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ইরানকে কিছু করণীয় ঠিক করে দিতে হবে, যা পালন করার মধ্য দিয়ে ইরান তার পরমাণু কার্যক্রমের স্বচ্ছতা প্রমাণ করতে পারবে। ওবামা বলেন, ইরান যে আসলেই পরমাণু বোমা তৈরি করছে না তা প্রমাণের জন্য তাকে আস্থাযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেটা করতে পারলেই যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনায় বসবে।স্বচ্ছতা প্রমাণের জন্য ইরানকে সুনির্দিষ্টভাবে কোনো করণীয় ঠিক করে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে হিলারি কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন, ইরানকে একটি ‘পথ’ বাতলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তেহরান প্রমাণ করতে পারবে যে বোমা বানানোর উদ্দেশ্যে তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে না। এএফপি।