ইরানের সঙ্গে ছয় জাতি আলোচনা নতুন করে শুরুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা ঠিক করতে গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেছে প্রভাবশালী ছয়টি দেশ। সমঝোতায় পৌঁছাতে ইরানের সামনে কী কী শর্ত রাখা হবে, তা নির্ধারণ করতে এই বৈঠক হয়।ছয়টি দেশ হচ্ছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। এর আগে মতৈক্যে পৌঁছাতে না পারায় এ বছর ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর পর পর তিনটি আলোচনা ভেস্তে যায়। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ফাঁস হওয়া এক প্রতিবেদনে বলা হয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়াতে যাচ্ছে ইরান। এ তথ্য প্রকাশের পর তেহরানের সঙ্গে আবার আলোচনায় বসতে উদ্যোগী হয় পশ্চিমা দেশগুলো। বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার পথ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্যবিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যারিয়েল র‌্যাটনার জানান, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে—ইসরায়েলের এমন হুমকির মুখে এবারও কোনো সমঝোতায় পৌঁছানো যাবে কি না, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।কূটনীতিকদের মতে, আগামী মাসে তুরস্কের ইস্তাম্বুলে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে ওই ছয় প্রভাবশালী দেশ। আলোচনায় পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে পরিকল্পনা হাজির করবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন। রয়টার্স।