ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। এ আশঙ্কা ব্যক্ত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের একজন সাবেক উপদেষ্টা। অন্যদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে, ওই অঞ্চলে ইরানের গোয়েন্দা কর্মকাণ্ড ও সামরিক শক্তি বৃদ্ধি পাবে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের একজন জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, প্রয়োজন হলে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প অধিকতর নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেবে।জিমি কার্টারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিবিগনিউ ব্রেজজিংকসি গত মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেন, সবাই ভাবছে ইরানের ওপর বেশি করে চাপ প্রয়োগের মাধ্যমে যুদ্ধের মতো পরিস্থিতি এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে, চাপে কাজ না হলে ঘটনা যুদ্ধের দিকেই মোড় নেয়। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির বিষয়ে এখনো জোরালো অবস্থানে রয়েছেন ওই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ইরানের যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তা যুদ্ধের দিকেই মোড় নেবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ হলে পরিণতি হবে মহাবিপর্যয়কর। এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের জন্য, এমনকি পুরো বিশ্বের জন্যও। অন্যদিকে উপসাগরীয় এলাকার বিশ্লেষকেরা বলছেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে সেখানে এক ধরনের শূন্যতা তৈরি হবে। এতে ওই এলাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নিতে পারে ইরান। গালফ রিসার্চ সেন্টারের পরিচালক আবদুল আজিজ সাগের জানান, সামরিক সক্ষমতার কারণে মার্কিন বাহিনীর উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার আবহ তৈরি করেছিল। তবে তারা চলে গেলে সন্দেহাতীতভাবে সেখানে শূন্যতা তৈরি হবে। তখন এ অঞ্চলে ইরান তার গোয়েন্দা ও সামরিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার সুযোগ পেয়ে যাবে।ইরানের বিপ্লবী গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহরকে গতকাল বলেন, ‘যদি পরিস্থিতি বাধ্য করে, তবে আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো অধিকতর নিরাপদ স্থানে স্থানান্তর করব।’পশ্চিমা বিশ্বের সন্দেহ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। তবে ইরান পশ্চিমাদের এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের ভাষ্য, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। হরমুজ প্রণালি বন্ধ হবে না: হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়াসংক্রান্ত খবরের ব্যাপারে মুখ খুলেছে ইরান। গতকাল দেশটি বলেছে, এ বিষয়টি তাদের আলোচ্যসূচিতেই নেই। তবে দেশটি এ-ও ইঙ্গিত দিয়েছে, চলমান উত্তেজনা যুদ্ধে রূপ নিলে তা ওই প্রণালিকে হুমকির মধ্যে ঠেলে দিতে পারে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপসাগরীয় তটরেখায় অবস্থিত এ হরমুজ প্রণালিটি তেল আনা-নেওয়ার জন্য কৌশলগতভাবে বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সেটি বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেলের মূল্যে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।তবে মুখপাত্র রামিন মেহমানপারাস্ত অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের আবহ তৈরি করে ইরানকে হুমকি দিচ্ছে। এ ধরনের পরিবেশে কিছু পাল্টা প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের পার্লামেন্ট-বিষয়ক জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান পারভেজ সোরৌরি গত মঙ্গলবার বলেন, হরমুজ প্রণালি বন্ধের জন্য ইরান শিগগিরই সামরিক মহড়ার আয়োজন করবে। তাঁর এ ঘোষণার পর হরমুজ প্রণালি বন্ধের গুজবের ডালপালা গজাতে শুরু করে। এএফপি ও রয়টার্স।