ইরানের সঙ্গে সংলাপ, তাই চিত্রকর্ম ঢাকল জাতিসংঘ!
পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে ইরান ও জাতিসংঘের মধ্যে দুই দিনের একটি বৈঠক হওয়ার কথা আছে। এর আগে বৈঠকের জন্য নির্ধারিত কক্ষের দেয়ালে খোদাই করা একটি নগ্ন ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
আজ সোমবার ‘টাইমস’-এর অনলাইন সংস্করণ এক খবরে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, কালজয়ী শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর ‘ক্রিয়েশন অব অ্যাডাম’ শিল্পকর্মের আদলে করা ওই খোদাই চিত্রকর্ম কেন ঢেকে দেওয়া হয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি জাতিসংঘের কর্মকর্তারা। এ ব্যাপারে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ জবাব দেবে বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে সুইজারল্যান্ডের সংবাদপত্র ‘ট্রিবিউন ডি জেনেভ’ দাবি করেছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠেয় ওই বৈঠকের আগে ইরানের রক্ষণশীল দূতদের সম্মান দেখাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সুইজারল্যান্ডের কর্মকর্তারা ওই সংবাদপত্রের দাবি অস্বীকার করেছেন। তাঁরা বলেছেন, কক্ষটির দেয়াল ছবিমুক্ত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানের সঙ্গে বৈঠকটি জাতিসংঘের ১৯৩০-এর দশকের ভবনে অনুষ্ঠানের কথা থাকলেও সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এর আয়োজক নয়। কথিত পি৫+১ (জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি) সুইজারল্যান্ডকে বৈঠক অনুষ্ঠানের তাগিদ দেয়।