ইরানের ১৭ সীমান্তরক্ষী হত্যা জবাবে ১৬ 'বিদ্রোহীর' ফাঁসি
ইরান বলেছে, পাকিস্তান সীমান্তের কাছে গত শুক্রবার ‘বিদ্রোহীদের’ হামলায় তাদের অন্তত ১৭ জন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ সময় কয়েকজনকে ধরেও নিয়ে যাওয়া হয়। এর জবাবে গতকাল শনিবার সরকার ১৬ বিদ্রোহীকে ফাঁসি দিয়েছে। ইরানের গণমাধ্যম এ খবর দিয়েছে।
নাম প্রকাশ না করা এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে শুক্রবার দিবাগত রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষে ঠিক কতজন হতাহত হয় তা স্পষ্ট করে বলা হয়নি খবরে। অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের খবরে জানানো হয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা ১৭ থেকে ১৮।
সংবাদ সংস্থা মেহরের খবরে বলা হয়, বিদ্রোহীরা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সরকারি বাহিনীর একটি চৌকিতে হামলা করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রাদেশিক কর্মকর্তা রজব-আলী শেখজাদাহ বার্তা সংস্থাকে বলেন, বিদ্রোহীরা এবং শত্রুপক্ষীয় গোষ্ঠীগুলো শুক্রবার ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের স্থানটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। ঘটনাস্থলের কাছের শহর সারাভানের একজন ডেপুটি গভর্নর রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ছয়জন সীমান্তরক্ষীকে ধরে নিয়ে গেছে হামলাকারীরা।
কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে এর আগে বিভিন্ন সময়ে মাদক চোরাচালানিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এলাকাটির সঙ্গে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে। এ ছাড়া স্থানটি সুন্নি অধ্যুষিত। ইরানের শিয়া মুসলিম সরকারের বিরুদ্ধে সেখানকার সুন্নিরা বিভিন্ন সময়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে। এ নিয়ে সেখানে অস্থিরতার ইতিহাস রয়েছে।
এদিকে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিচার বিভাগের একজন সরকারি অভিযোক্তা জানিয়েছেন, সীমান্তে ওই হত্যাকাণ্ডের জবাবে ১৬ জন বিদ্রোহীর ফাঁসি কার্যকর করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। মোহাম্মদ মারজিয়াহ নামের ওই অভিযোক্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইসনার খবরে বলা হয়, ‘সারাভানে সীমান্তরক্ষীদের হত্যার জবাবে আজ (শনিবার) সকালে প্রাদেশিক রাজধানী জাহেদানের কারাগারে ১৬ জন বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয়েছে। এই বিদ্রোহীরা সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিল।’ বিচার প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। রয়টার্স ও এএফপি।