ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের প্রচণ্ড চাপের মুখে তেহরানে শুরু হয়েছে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) দুই দিনব্যাপী ষোড়শ শীর্ষ সম্মেলন। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ২৯টি দেশের রাষ্ট্র কিংবা সরকারপ্রধানেরা এতে অংশ নেন। সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট মুরসির দেওয়া বক্তব্যের প্রতিবাদে উদ্বোধনী ভাষণ বয়কট করে সিরিয়া।তেহরান কনফারেন্স সেন্টারে আয়োজিত এ শীর্ষ সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তাঁর উদ্বোধনী ভাষণে জাতিসংঘের সমালোচনা করে বলেন, ‘নিরাপত্তা পরিষদের একটি অযৌক্তিক, অন্যায্য ও একেবারেই অগণতান্ত্রিক কাঠামো রয়েছে। এটি প্রকাশ্য স্বৈরাচারী আচরণে পরিচালিত।’ পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, ‘বিশ্বের এই নিয়ন্ত্রণকক্ষ (নিরাপত্তা পরিষদ) কিছু পশ্চিমা দেশের একনায়কসুলভ শাসনে বন্দী।’ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না উল্লেখ করে দেশটি পরমাণু জ্বালানি উন্নয়নের অধিকার ছেড়ে দেবে না বলেও জানান এই নেতা। তিনি পারমাণবিক অস্ত্র ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারকে এক বিরাট ও ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেন।গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি যখন এই ভাষণ দিচ্ছিলেন, তখন জাতিসংঘ মহাসচিব মুন নির্বিকার তাকিয়ে ছিলেন। খামেনির এই ভাষণের আগের দিন বুধবার বান কি মুন তাঁর সঙ্গে তেহরানে এক বৈঠক করেন।এর জবাবে সম্মেলনে দেওয়া বক্তব্যে বান কি মুন ইসরায়েলের ব্যাপারে ইরানের অবস্থানের তীব্র সমালোচনা করেন। বান কি মুন হলোকাস্ট (নাৎসি বাহিনীর হাতে প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা) প্রত্যাখ্যান ও বিশ্বে ইসরায়েলের অস্তিত্বের অধিকার নেই—ইরানের এমন বিস্ফোরক মন্তব্যের জন্য তেহরানকে তিরস্কার করেন। তবে চিরশত্রু এই উভয় দেশের প্রতি পারস্পরিক হুমকি প্রদান বন্ধেরও আহ্বান জানান তিনি। মুন বলেন, ‘জাতিসংঘের কোনো সদস্য দেশের পক্ষ থেকে অপর দেশকে ধ্বংসের হুমকি কিংবা হলোকাস্টের মতো ঐতিহাসিক ঘটনা অস্বীকার করে দেওয়া নিষ্ঠুর মন্তব্য আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, ‘জাতিসংঘভুক্ত কোনো দেশকে উদ্দেশ করে তার অস্তিত্ব বজায় রাখার অধিকার নেই, এমন মন্তব্য কিংবা তাকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করা কেবল চরম ভুলই নয়, বরং আমরা সবাই যে নীতিমালা অনুসরণ করি তা-ও ক্ষুণ্ন করে।’বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে ইরানের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব মুন।সম্মেলনে খামেনির ভাষণের পরপরই বক্তৃতা দেওয়া শুরু করেন মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের জেরে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এখন পর্যন্ত এটিই হলো কোনো মিসরীয় নেতার প্রথম সে দেশ সফর। প্রেসিডেন্ট মুরসি বলেন, সিরিয়ায় যে অভ্যুত্থান চলছে, তা সে দেশের অত্যাচারী শাসকের বিরুদ্ধে। আর এটি আরব বসন্তের ধারাবাহিকতা মাত্র। তাঁর এ বক্তব্যের প্রতিবাদে সিরিয়ার প্রতিনিধি সম্মেলন কক্ষ ছেড়ে উঠে যান।এদিকে মুরসির এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, প্রেসিডেন্ট মুরসির বক্তব্য সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তিনি সিরিয়ার রক্তপাত উসকে দিতেই এ বক্তব্য দিয়েছেন। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।