ইরান-ছয় জাতি পারমাণবিক সংলাপ 'গুরুত্বপূর্ণ ধাপে'
অস্ট্রিয়ার ভিয়েনায় ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে সর্বশেষ পারমাণবিক আলোচনা গতকাল রোববার ‘গুরুত্বপূর্ণ ধাপে’ প্রবেশ করেছে। উভয় পক্ষের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির সময়সীমা একেবারে নাকের ডগায় চলে আসার প্রেক্ষাপটে উত্তেজনা বাড়ছে। খবর এএফপির।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনির গতকাল ভিয়েনায় পৌঁছানোর কথা ছিল। নতুন করে আলোচনার টেবিলে ফেরার পর যুক্তরাষ্ট্র ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনায় দৃশ্যত কোনো অগ্রগতি না হওয়ার এক দিন পর সেখানে যাচ্ছেন মগেরিনি।
সংলাপের সর্বশেষ অবস্থা সম্পর্কে একজন পশ্চিমা কূটনীতিক বলেন, ‘স্পষ্টভাবেই আমরা এখন একটি গুরুত্বপূর্ণ ধাপে রয়েছি। চূড়ান্ত দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।’
পি৫+১ (জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি) নামে পরিচিত বিশ্ব শক্তিগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে সম্ভাব্য একটি চুক্তির চূড়ান্ত বিবরণগুলো প্রকাশ করতে শুরু করেছে। ৩০ জুনের সময়সীমা সামনে রেখে এখন জোর পায়ে হাঁটার চেষ্টা করছেন কূটনীতিকেরা। গত ২ এপ্রিল সুইজারল্যান্ডের লুজানে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়া কাঠামো চুক্তির আলোকে চূড়ান্ত চুক্তির চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
চূড়ান্ত চুক্তি হলে নিদারুণ অর্থনৈতিক সংকটে পড়া ইরানিরা হাঁফ ছেড়ে বাঁচবে। অন্যদিকে তেহরানের পারমাণবিক বোমা তৈরির অভিলাষ থেকে থাকলেও তা অন্তত ১০ বছরের জন্য পিছিয়ে দেওয়া যাবে বলে মনে করছে পাশ্চাত্য
ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে গত শনিবার বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যদিও তিনি এখনো আশাবাদীদের দলেই রয়েছেন, তারপরও এটা মানতেই হচ্ছে যে এখনো ‘অনেক কঠিন কাজ বাকি রয়েছে’। ইরানি পররাষ্ট্রমন্ত্রীও তাঁর সঙ্গে একমত। জারিফ বলেছেন, ‘অগ্রগতি করতে হলে, সামনে এগিয়ে যেতে হলে’ আলোচকদের ‘প্রকৃতপক্ষেই কঠোর পরিশ্রম’ করতে হবে।
কিন্তু ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি ইঙ্গিত দিয়েছেন, লুজানে হওয়া কাঠামো চুক্তির অনেক অংশই এখন আর প্রযোজ্য নয়। কারণ, অন্য দেশগুলো এরই মধ্যে তাদের অবস্থান বদলে ফেলেছে। আরাগাছি বলেন, ‘লুজানে আমরা অনেক কিছুরই সমাধান পেয়েছিলাম। আর কিছু ইস্যু অমীমাংসিত ছিল। কিন্তু লুজানে সমাধান পাওয়া কিছু বিষয়ের এখন আর কার্যকারিতা নেই। কারণ, পি৫+১ভুক্ত কয়েকটি দেশ লুজান সংলাপের পর বিভিন্ন ঘোষণা দিয়েছে।... আমরা তাদের অবস্থানে পরিবর্তন দেখতে পেয়েছি, যা কাজটাকে জটিল করে তুলেছে।’
কর্মকর্তারা স্বীকার করেছেন, ৩০ জুনের সময়সীমার মধ্যে সমঝোতা না-ও হতে পারে। তবে আলোচনার সময় বাড়লেও তা কয়েক দিনের জন্য। এই পর্যায়ে এসে সংলাপ আরও কয়েক মাস বাড়ানোর সম্ভাবনা স্পষ্টভাবেই নাকচ করে দিয়েছেন বেশ কয়েকজন কূটনীতিক। কারণ, এরই মধ্যে এই পারমাণবিক সংলাপ প্রায় দুই বছর সময় নিয়ে ফেলেছে।
সময় ফুরিয়ে আসার প্রেক্ষাপটে কূটনৈতিক চাপও বেড়েই চলেছে। মগেরিনির পথ ধরে আসন্ন দিনগুলোতে যুক্তরাজ্য, চীন, জার্মানি ও রাশিয়ার কূটনীতিকেরাও ভিয়েনায় পা রাখবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০০২ সাল থেকে পাশ্চাত্যের টানাপোড়েন চলে আসছে। পাশ্চাত্যের সন্দেহ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরানের দাবি, তাদের এই কর্মসূচি চিকিৎসা ও জ্বালানির মতো সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজের জন্য।