ইলন মাস্কের মতো দেখতে কে এই ব্যক্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইরাল ভিডিওতে ইলন মাস্কের মতো একজনকে দেখা যায়
ছবি: টুইটার

সম্প্রতি ইন্টারনেট জগতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি দেখতে অবিকল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মতো। ওই ব্যক্তি দেখতে সত্যি সত্যি ইলন মাস্কের মতো নাকি ভিডিওটি বানোয়াট—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউইয়র্ক পোস্টের খবরে জানা যায়, ওই ভিডিওতে দেখা গেছে, ইলন মাস্কের মতো দেখতে চীনা ওই ব্যক্তি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর আচরণও অনেকটা টেসলারের সিইও ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতোই।

নিউইয়র্ক পোস্ট বলছে, সবার আগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ওই ভিডিওটি শেয়ার করা হয়। এরপর ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ভিডিওটির ভিউ কয়েক হাজার, মন্তব্য এসেছে কয়েক শ।
ভিডিওতে ইলন মাস্কের মতো ওই ব্যক্তিকে দেখে অনেকে অবাক হয়েছেন। যেহেতু ওই ব্যক্তি চীনা নাগরিক তাই কয়েকজন ফেসবুক ব্যবহারকারী তাঁকে ই লং মাস্ক নামে সম্বোধন করেন। কারণ, চীনে নামের বানানগুলো এ আদলে হয়ে থাকে। অনেকে আবার ওই ব্যক্তির অস্তিত্বই মানতে নারাজ। বলছেন, চালাকি করে নকল ভিডিও বানানো হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তি ব্যবহার করে এমন বানোয়াট ভিডিও তৈরির ঘটনা অবশ্য নতুন নয়। বানোয়াট ছবিগুলো সাধারণত অন্য কারও ছবির ওপর জুড়ে দেওয়া হয়। এটা করা হয় খুব চতুরতার সঙ্গে। এগুলোকে এতটাই বাস্তবসম্মত বলে মনে হয় যে ভিডিওটি আসল না নকল, তা যাচাই করা কঠিন হয়ে পড়ে।

একজন ফেসবুক ব্যবহারকারী বিষয়টি উল্লেখ করে লিখেছেন, এটা একেবারেই বানোয়াট। তিনি কথা বলার সময় ক্যামেরাটি চারপাশে যখন ঘোরানো হচ্ছিল তখন তাঁর মুখ দেরিতে দেখা গেছে। আরেক ফেসবুকারও একমত পোষণ করে জানান ভিডিওটি নকল।

গত মার্চে হলিউড তারকা টম ক্রুজের এ রকম বানোয়াট কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওগুলো এতটাই নিখুঁত ছিল যে কোটি কোটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর বিশ্বাস করতে কষ্ট হয়েছিল পর্দায় তাঁরা যে অভিনেতা টম ক্রুজকে দেখেন ভিডিওটি তাঁর নয়।