ইলিনয়ে রমনির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী মিট রমনি ইলিনয় অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। এ জয়ের কারণে মনোনয়নের দৌঁড়ে আরও অনেকখানি এগিয়ে গেলেন রমনি। তবে এখনো বাছাইপর্বে টিকে থাকা কোনো প্রার্থীই হাল ছাড়তে রাজি নন।গত মঙ্গলবার ইলিনয়ের প্রাইমারির ভোটে সুস্পষ্ট ব্যবধানে রমনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরামকে পরাজিত করেন। রমনি ৪৭ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।এ ছাড়া টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল ৯ শতাংশ এবং সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ পেয়েছেন ৮ শতাংশ ভোট। এ দুজনের কেউই ইলিনয়ে তেমন প্রচারণা চালাননি।এর আগে গত রোববার পুয়ের্তো রিকোর প্রাইমারিতে বিশাল ব্যবধানে জয় পান ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি।ইলিনয়ে জয়লাভের পর উচ্ছ্বাস প্রকাশ করে রমনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছি। কারণ, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনার মতো অভিজ্ঞতা ও দূরদৃষ্টি আমার রয়েছে।’এদিকে স্যান্টোরাম তাঁর নিজের অঙ্গরাজ্যে পেনসিলভানিয়ায় প্রচারণা চালাচ্ছেন। আগামী ২৪ এপ্রিল সেখানে বাছাইপর্বের ভোট নেওয়া হবে। ইলিনয়ে রমনির অগ্রযাত্রাকে অভিনন্দন জানিয়ে পেনসিলভানিয়া থেকে স্যান্টোরাম বলেন, ইলিনয়ের শিকাগো নগরের বাইরে তাঁর পক্ষে ব্যাপক ভোট পড়েছে। বাছাইপর্বে তাঁর প্রার্থিতা অব্যাহত রাখার পুনর্ঘোষণা দেন তিনি।রিপাবলিকান পার্টির জটিল মনোনয়নপ্রক্রিয়ায় প্রতিটি অঙ্গরাজ্য থেকে দলীয় প্রতিনিধির সমর্থন পেতে হয়। বিজয়ের জন্য প্রার্থীকে এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন।