ইশতেহার নয়, বিজেপি দিল 'অভিযোগপত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন নাকের বদলে নরুন। সময়মতো নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে ব্যর্থ বিজেপি শেষ পর্যন্ত কংগ্রেসের বিরুদ্ধে সার্বিক ব্যর্থতার জন্য ‘অভিযোগপত্র’ দাখিল করেছে। গতকাল শুক্রবার ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এ ‘অভিযোগপত্র’ দাখিল করেন।
এতে অভিযোগ করা হয়, কেন্দ্রে এযাবৎ যত সরকার এসেছে, তাদের মধ্যে দ্বিতীয় ইউপিএ সরকার নিকৃষ্টতম। এত দুর্নীতি আর কোনো সরকারের আমলে দেখা যায়নি। অর্থনীতিকে এ সরকার পথে বসিয়ে দিয়েছে।
নির্বাচনী দামামা বাজার আগে থেকেই ইউপিএ-২-এর বিরুদ্ধে যেসব বিষয়ে বিজেপি সরব, শুক্রবার ঘটা করে তা অভিযোগপত্র আকারে কেন প্রকাশ করা হলো, বস্তুত সেটাই ছিল আলোচনার বিষয়। বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশে দেরির কারণে যে সমালোচনা হচ্ছে, তা থেকে নজর ফেরাতেই এ অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিজেপি অভিযোগপত্রে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীকে সরকারের যাবতীয় অপকর্মের জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এতে বলা হয়, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও কার্যত তিনি ছিলেন একজন সিইও। আসল ক্ষমতা ছিল সোনিয়া ও রাহুলের হাতে। দায়বদ্ধতা ছাড়াই তাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন।
ইউপিএ-২ কেন ‘সবচেয়ে খারাপ সরকার’, তার ব্যাখ্যায় বিজেপির অভিযোগপত্রে বলা হয়, এই সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখে নিরাপত্তা সংস্থাগুলোকে অকেজো করে দিয়েছে। এই আমলে একটি শিল্পেরই বিকাশ ঘটেছে। তা হলো বেআইনি অনুপ্রবেশকারী। গোটা উত্তর-পূর্বাঞ্চল উপেক্ষিত থেকে গেছে, এক ফোঁটা পারমাণবিক বিদ্যুৎও উৎপাদিত হয়নি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির চূড়ান্ত। অর্থনীতিকে পথে বসিয়েছে এই সরকার। পররাষ্ট্রনীতিও শেষ করে দিয়েছে।
তবে কংগ্রেস এই অভিযোগপত্রকে আদৌ আমল দিতে রাজি নয়। দলের প্রার্থী কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল বলেন, অর্থনীতির অগ্রগতি, গত ১০ বছরের সার্বিক প্রবৃদ্ধির হার এবং সামাজিক বিকাশের ক্ষেত্রগুলো দেখলে অভিযোগপত্রের তিরের ফলা বিজেপির দিকেই ঘুরে যাবে।
অভিযোগপত্র দাখিলের সময় রবিশঙ্কর প্রসাদকে ইশতেহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি। তবে দলীয় সূত্রের খবর, ৭ তারিখে বিজেপির ইশতেহার প্রকাশে নির্বাচন কমিশন আপত্তি করতে পারে। কারণ, ওই দিন নয় দফা নির্বাচনের প্রথম ভোট হবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচারপর্ব শেষ করা বাধ্যতামূলক। তাই সংগত কারণেই আপত্তি উঠলে বিজেপি বিপদে পড়তে পারে। ফলে নতুন করে ১২ এপ্রিল ইশতেহার প্রকাশের চিন্তাভাবনা শুরু হয়েছে।