ইসরায়েল-ফিলিস্তিন প্রাথমিক আলোচনা ফলপ্রসূ: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি শান্তি আলোচনায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যস্থতাকারীরা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি শান্তি আলোচনায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যস্থতাকারীরা।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি শান্তি আলোচনা হয়েছে। গত তিন বছরে উভয় পক্ষের মধ্যে এটাই প্রথম সরাসরি আলোচনা। এ আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবারও উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি মধ্যস্থতাকারীদের নেতৃত্ব দিচ্ছেন বিচারবিষয়কমন্ত্রী টি জি পি লিভনি। ফিলিস্তিনিদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন সায়েব এরেকাত।
ইফতারের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুই দেশের মধ্যস্থতাকারী দল দুটিকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ‘এটি দারুণ এক বিশেষ মুহূর্ত।’
এরপর তাঁরা ইফতার করেন। লিভনি ও এরেকাত পাশাপাশি বসেন। তাঁদের বিপরীতে পাশে বসেন কেরি। ইফতারির টেবিলে উভয় পক্ষের মধ্যে ৯০ মিনিট ধরে আলোচনা হয়।

শান্তির ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে ফিলিস্তিন ও ইসরায়েলকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

প্রথম দিনের আলোচনা শেষ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। সুবিশ্বাস ও তাত্পর্যপূর্ণ উদ্দেশ্য নিয়ে তাঁরা আলোচনায় বসেছেন।

আজ মঙ্গলবারও উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। আজকের আলোচনাও ফলপ্রসূ হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরু করার জোরালো প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চলতি মাসে ওই অঞ্চল সফর করেন। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা ছিল তাঁর ষষ্ঠ সফর। সফরের শেষ দিন ১৯ জুলাই আম্মানে কেরি ঘোষণা দেন, ফিলিস্তিন ও ইসরায়েলের নেতারা আবার সংলাপে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। এরপর শান্তি আলোচনার জন্য গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যস্থতাকারীরা।

এদিকে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি গত রোববার ইসরায়েল অনুমোদন করে। ধাপে ধাপে বন্দীদের মুক্তি দেওয়া হবে।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকে কেন্দ্র করে তিন বছর আগে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যায়।

ফিলিস্তিনের সঙ্গে কোনো শান্তিচুক্তি করতে হলে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিতে হবে—এমন প্রস্তাবসংবলিত একটি বিলও রোববার অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।