ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি ‘হত্যার’ বদলা নেবে ফাতাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি কারাগারে ‘নির্যাতন করে’ ফিলিস্তিনি নাগরিককে হত্যার বদলা নেওয়া হবে। গতকাল সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এই অঙ্গীকার করে।ইসরায়েলের মেগিডো কারাগারে গত শনিবার আরাফাত জারাদাত (৩০) নামের ওই ফিলিস্তিনির মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে কারাগারে বন্দী অন্য ফিলিস্তিনিরা অনশন কর্মসূচি পালন করেন। এ ছাড়া পশ্চিম তীরে গত রোববার হাজারো ফিলিস্তিনি বিক্ষোভে ফেটে পড়ে। এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল জানিয়েছে, হূদেরাগে আক্রান্ত হয়ে আরাফাতের মৃত্যু হয়। এর পরও তাঁর মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক বিবৃতিতে জানিয়েছে, পাথর ছুড়ে এক ইসরায়েলি নাগরিককে আহত করার অভিযোগে আরাফাতকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল-আকসা মার্টার্স ব্রিগেড গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছে, দুই সন্তানের জনক আরাফাত হত্যার ঘটনা ভয়ানক। এ ঘটনায় ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না। গতকাল পশ্চিম তীরের হেবরন শহরের কাছে সেইর গ্রামে আরাফাতের জানাজা হয়। এএফপি ও বিবিসি।