ইসরায়েলে নেতানিয়াহুর বিজয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলে সাধারণ নির্বাচন শেষে তেল আবিবে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এ ভোটকে তাঁর দলের জন্য ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেন। ছবি: রয়টার্স
ইসরায়েলে সাধারণ নির্বাচন শেষে তেল আবিবে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এ ভোটকে তাঁর দলের জন্য ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেন। ছবি: রয়টার্স

ইসরায়েলে সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয় দাবি করেছেন। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা হয়নি। 
আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সাধারণ নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট দিয়েছেন ইসরায়েলিরা।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২০ তম এই নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ও মধ্য বামপন্থী জোট জায়োনিস্ট ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়।
তেল আবিবে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু গতকালের ভোটকে তাঁর দলের জন্য ‘বড় বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। নতুন সরকার গঠনের জন্য মধ্য ডানপন্থী অন্য দলগুলোর নেতাদের সঙ্গে ইতিমধ্যে আলাপ-আলোচনা করারও দাবি করেছেন তিনি।
তবে এখনই পরাজয় মানতে নারাজ নেতানিয়াহুর প্রতিপক্ষ জায়োনিস্ট ইউনিয়নের প্রার্থী আইজ্যাক হারজোগ। সমর্থকদের উদ্দেশে এই জোট নেতা বলেছেন, পরবর্তী সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
স্থানীয় সময় অনুযায়ী আজ সকাল নাগাদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যেতে পারে।
১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। তবে কোনো দলই তা পাবে না বলে ধারণা করা হচ্ছে। দর-কষাকষি শেষে জোট সরকার গঠনের ঘোষণা আসার পরই জানা যাবে কে হতে যাচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী।