ইসরায়েলের নতুন করে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত ধ্বংসাত্মক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে এক হাজার নতুন ঘর নির্মাণে ইসরায়েলের সিদ্ধান্ত নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া ‘নস্যাৎ’ করে দিচ্ছে। ফিলিস্তিনের শীর্ষ মধ্যস্থতাকারী সায়েব এরাকাত গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন।

এরাকাত বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শান্তি আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছেন, ইসরায়েলের বসতি স্থাপনের সিদ্ধান্ত সেই প্রক্রিয়াকে ধ্বংস করে দেবে বলে আমরা মনে করি।’ একটি এনজিওর পক্ষ থেকে ইসরায়েলের নতুন বাড়ি তৈরির সিদ্ধান্তের কথা জানানোর কয়েক ঘণ্টা পর সায়েব এরাকাত এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করে বলেন, শান্তি আলোচনা শুরু করতে কেরির উদ্যোগকে খুব কৌশলে ধ্বংসের পরিকল্পনা করছে ইসরায়েল। বসতি স্থাপনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান টেরেস্ট্রিয়াল জেরুজালেমের পরিচালক ড্যানি সাডমান বলেন, রামোতে ৩০০ ঘর নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া গিলো নামের একটি স্থানে ৭৯৭টি প্লট বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। ইসরায়েলি বসতি নির্মাণের সূত্র ধরেই ২০১০ সালের সেপ্টেম্বরে শান্তি আলোচনা ভেস্তে যায়। এ মাসের গোড়ার দিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহু   নতুন নির্মাণকাজের টেন্ডার স্থগিত করেছেন। এএফপি।