জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলোর সমালোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওই সম্মেলন গত শুক্রবার শেষ হয়েছে। এতে আইএইএর ১৫৯টি সদস্য রাষ্ট্র অংশ নেয়।
আরব দেশগুলো পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তিতে (এনপিটি) ইসরায়েলকে স্বাক্ষর করানোর প্রস্তাব দেয়। ইরান ওই প্রস্তাবে সমর্থন দিয়েছে। কিন্তু প্রস্তাবটি শেষ পর্যন্ত পাস হয়নি। এর বিপক্ষে ৫১ ভোট ও পক্ষে ৪৩ ভোট পড়েছে। ৩২টি দেশ ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত ছিল। ২০০৯ সালেও একই ধরনের একটি প্রস্তাব অল্প ভোটের ব্যবধানে গৃহীত হয়নি। আর ২০১০ সালের প্রস্তাবটি ব্যর্থ হয়েছিল পশ্চিমা দেশগুলোর তদবিরের কারণে। পরবর্তী দুই বছর আরব দেশগুলো এ ধরনের প্রস্তাব উত্থাপন করেনি।
ওমানের রাষ্ট্রদূত বদর মোহাম্মদ জাহেল আল হিনাই আরব দেশগুলোর পক্ষে আইএইএ সম্মেলনে বলেন, তাঁদের প্রস্তাবটি মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার চেষ্টাকে পুনরুজ্জীবিত করতে পারত। পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা দেশগুলোর প্রচারে সত্যের বড় ধরনের অপলাপ হচ্ছে।
আর ইসরায়েলের উপরাষ্ট্রদূত দানিয়েল দানিয়েলি অভিযোগ করেন, ইসরায়েলবিরোধী প্রস্তাব উত্থাপনের মাধ্যমে আইএইএতে রাজনীতির চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, আরব দেশগুলো কেবল ইসরায়েলকে নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু সিরিয়ার বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র বা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ সম্পর্কে নয়। অথচ ইরান আসলে এনপিটিতে ‘লোক দেখানো’ স্বাক্ষর করেছে।
ইরানের দূত রেজা নাজাফি অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে উপেক্ষা করছে। দেশটির বিজ্ঞানীরা এনপিটির আওতাভুক্ত দেশগুলোর বিজ্ঞানীদের তুলনায় পারমাণবিক গবেষণার অবাধ সুযোগ পাচ্ছেন।
ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হলেও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। দেশটি এখনো এনপিটিতে স্বাক্ষর করেনি। ইসরায়েল আইএইএর সদস্য হওয়া সত্ত্বেও দেশটিতে সংস্থাটির পরিদর্শন কার্যক্রম সীমিত। আরব দেশগুলোর অভিযোগ, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে আঞ্চলিক শান্তি হুমকিতে পড়বে। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, ইরানের পরমাণু কর্মসূচিই বড় হুমকি। আল-জাজিরা ও রয়টার্স।