ইসরায়েলের 'বাগড়াতে' নিষ্ফল জাতিসংঘের এনপিটি আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো চুক্তি ছাড়াই জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-সংক্রান্ত আলোচনা শেষ হয়েছে শুক্রবার। মধ্যপ্রাচ্যে একটি পরমাণু অস্ত্রমুক্ত এলাকা ঘোষণার ব্যাপারে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বিরোধিতায় আলোচনা কার্যত নিষ্ফলভাবে শেষ হয়। খবর এএফপি ও রয়টার্সের।
জাতিসংঘের মধ্যস্থতায় এনপিটির পুনর্মূল্যায়ন নিয়ে এক মাস ধরে চলা আলোচনায় অংশ নেয় ১৫০টির বেশি দেশ। পরমাণু অস্ত্র এবং এর প্রযুক্তি বিস্তার রোধই এনপিটির মূল বিষয়। ১৯৭০ সালে এটি স্বাক্ষরিত হয়।
আলোচনার শেষ মুহূর্তে আগামী পাঁচ বছরের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আগামী বছরের মার্চের মধ্যে পরমাণু-সংক্রান্ত সম্মেলন আয়োজনের প্রস্তাব উঠলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সমর্থনে প্রস্তাবটি দিয়েছিল মিসর। এতে মূলত বাগড়া দেয় ইসরায়েল। দেশটি এনপিটির সদস্য নয়। তবে তারা পর্যবেক্ষক হিসেবে এবারের আলোচনায় যোগ দেয়। মনে করা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধু ইসরায়েলরই পরমাণু অস্ত্র আছে। তবে তা কখনোই স্বীকার করে না দেশটি।
আলোচনার শেষ পর্যায়ে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্ত্রনিয়ন্ত্রণ-সংক্রান্ত আন্ডার সেক্রেটারি রোজ গোটেমোয়েলার ঘোষণা দেন, ‘কোনো চুক্তি হয়নি।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে পরমাণুমুক্ত এলাকা তৈরির প্রস্তাব সফলতার মুখ দেখেনি তাতে সব দেশের সম্মতি না থাকায়।’ তিনি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কয়েকটি দেশ, সুনির্দিষ্টভাবে মিসরকে দায়ী করেন। পরমাণুমুক্ত এলাকা তৈরির জন্য তারা ‘অবাস্তব এবং অকার্যকর’ শর্ত জুড়ে দেয় বলে অভিযোগ করেন গোটেমোয়েলার।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পরমাণুমুক্ত এলাকা প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে বিশেষ একজন দূতকে পাঠায়। একটি সমঝোতার মাধ্যমে এনপিটি স্বাক্ষরের জন্যই তাঁকে পাঠানো হয়েছিল। গোটেমোয়েলার বলেন, ‘আমরা পুরো আলোচনায় একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছি। সেটি হলো, যারা এই আলোচনাকে বিতর্কিত করতে চায় তাদের প্রস্তাব কখনোই গ্রহণ করব না।’
আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় যুক্তরাজ্য ও কানাডার কথায়ও। আলোচনায় যুক্তরাজ্যের প্রতিনিধি দলের প্রধান ম্যাথিউ রোনাল্ড বলেন, পরমাণুমুক্ত এলাকা ঘোষণার জন্য একটি সম্মেলনের আয়োজনের প্রস্তাব আলোচনার পথকে একেবারে রুদ্ধ করে দিয়েছে।
জোটনিরপেক্ষ দেশ ইরান আলোচনা শেষ করার আগে আরও সময় নেওয়ার অনুরোধ করেছিল। তবে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়ে যায়। এ জন্য যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মিসরকে দায়ী করলেও দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে। আলোচনায় মিসরীয় দলের প্রধান এবং দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী হাশিম বদর আলোচনা ভেঙে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাকে দায়ী করেন। সমঝোতা না হওয়াকে ‘এনপিটির জন্য একটি খারাপ দিন’ বলে আখ্যায়িত করেন তিনি।
গত মাসে আরও কয়েকটি আরব দেশসহ মিসর জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিল। এনপিটির ২০১০ সালের পুনর্মূল্যায়নে এমন প্রস্তাব ছিল।