ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধবিরতি
ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার জঙ্গিরা অবশেষে যুদ্ধবিরতি চুক্তি করেছে। চার দিন ধরে চলা সহিংসতার পর মিসরের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। চার দিনের সহিংসতায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মিসরীয় গোয়েন্দা বাহিনীর এক কর্মকর্তা জানান, গত সোমবার স্থানীয় সময় দিবাগত রাত একটায় যুদ্ধবিরতি চুক্তিটি হয়। সহিংসতার জন্য দায়ী ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদের মধ্যে এ চুক্তি হয়। তবে দুই পক্ষই হুঁশিয়ার করেছে, প্রতিপক্ষ সীমা লঙ্ঘন করলেই চুক্তি আর মানা হবে না। ইসরায়েলের সরকারি বেতারে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটান ভিলনাই বলেন, ‘আমাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। দুই পক্ষই তা অনুসরণ করছি। পরিস্থিতি শান্ত হয়ে আসছে।’ এদিকে গাজার ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শিহাব জানান, ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গিদের লক্ষ্য করে তাদের হামলা ও হত্যা বন্ধ করলে জঙ্গি সংগঠনটিও অস্ত্রবিরতি চুক্তি মেনে চলবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, হামলায় ১৯ জন জঙ্গি ও ছয়জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। জঙ্গিদের মধ্যে ইসলামিক জিহাদের ১৪ জন ও পপুলার রেজিসটেন্স কমিটির পাঁচজন আছে। ইসরায়েলি হামলায় গত শুক্রবার পপুলার রেজিসটেন্স কমিটির প্রধান জুহেইর আল-কাইসি নিহত হওয়ার পর দুই পক্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি জঙ্গি সংগঠনগুলো ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা শুরু করে। এএফপি।