ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রধান উসকানিদাতা: আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের সেনাবাহিনী বর্তমানে এত শক্তিশালী যে কোনো দেশ ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখাবে না। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রধান উসকানিদাতা হিসেবেও বর্ণনা করেছেন তিনি। ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে গতকাল রোববার সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণে আহমাদিনেজাদ এসব কথা বলেন।ইরানের বিপ্লবী নেতা ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ওই ভাষণে মধ্যপ্রাচ্যে বিদেশি সেনাদের উপস্থিতি সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন মাহমুদ আহমাদিনেজাদ। তিনি বলেন, বিদেশি সেনাদের উপস্থিতিই এ অঞ্চলে সংঘাতের কারণ। কুচকাওয়াজ ও প্রেসিডেন্টের ভাষণ সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।আহমাদিনেজাদ বলেন, ইহুদিবাদী রাষ্ট্রটি পতনের পথে। এই অঞ্চলে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইহুদি দেশটি।শীর্ষ সামরিক কর্মকর্তা পরিবেষ্টিত ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এ অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উসকানিদাতা। তিনি চান ইসরায়েলের সৃষ্ট ও সমর্থকেরা দেশটিকে সমর্থন দেওয়া বন্ধ করবে। এ অঞ্চল থেকে বিদেশি সেনা প্রত্যাহারেরও দাবি জানান, ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলে সংঘাতের কারণ। তাদের অবশ্যই এ অঞ্চল ত্যাগ করতে হবে।আহমাদিনেজাদ বলেন, যেকোনো শত্রুকে প্রতিহত করার জন্য ইরানের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী।