ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল তাঁর দেশের ওপর কোনো ধরনের হামলা চালালে ইহুদি রাষ্ট্রটিকে সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুরুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনির টিভি ভাষণে তেহরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুতে ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত ছিল না। খোমেনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। খামেনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে মর্মে আন্তর্জাতিক সম্প্রদায় যে অভিযোগ তুলেছে তা ‘মিথ্যা’ ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তেহরানের ওপর দেওয়া অবরোধ অকার্যকর এবং এটা শুধু ইরানের মনোবলকে আরও শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলিরা যদি কোনো ত্রুটিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে বা ভুল অভিযান পরিচালনা করে, তাহলে তাদের ওপর বজ্রাঘাত পড়বে। তিনি বলেন, ঘনিষ্ঠ মিত্র হিসেবে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে হারানোর পর থেকে ইসরায়েল নিজেদের ‘অরক্ষিত’ মনে করছে। এএফপি।