ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরে আরও দুজন নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ ইসরায়েলের নিখোঁজ তিন কিশোরের সন্ধানে অভিযান চালানোর সময় গতকাল রোববার সকালে পৃথক ঘটনায় এই দুজন নিহত হন৷ তিন কিশোর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত চারজন নিহত হলো৷ খবর এএফপির৷
খবরে বলা হয়, বিনা ভাড়ায় পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল যাওয়ার সময় গত ১২ জুন নিখোঁজ হয় ওই তিন কিশোর৷ তিনজনই স্কুলছাত্র৷হামাসের জঙ্গিরা স্কুলছাত্রদের অপহরণ করেছে দাবি করে ইসরায়েল বলছে, ‘অপারেশন ব্রাদারস কিপার’ নামে এই অভিযানের উদ্দেশ্য হলো নিখোঁজ ছাত্রদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা৷ এ ঘটনায় সেনাবাহিনী এ পর্যন্ত ৩৪০ জনের বেশি ফিলিিস্তনিকে গ্রেপ্তার করেছে৷ এদের দুই-তৃতীয়াংশই হামাসের আন্দোলনের সঙ্গে জড়িত৷স্কুলছাত্রদের উদ্ধারে ইসরায়েলি সেনাদের এ ধরনের অভিযানের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ তিনি বলেন, তিনজন ছাত্রকে উদ্ধার করতে গিয়ে এরই মধ্যে চারজন মানুষের প্রাণহানি ও বহুসংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷এত রক্তপাতের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেন এখনো নিন্দাজানাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন মাহমুদ আব্বাস৷ তিনি বলেন, স্কুলছাত্রদের অপহরণের ঘটনাটি নিশ্চয়ই নিন্দনীয়৷ কিন্তু এর জবাবে এত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়৷